টাকার বিনিময়ে কারাভোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মাসুদ কামাল সেজে আদালতে আত্মসমর্পণ করেন হুমায়ুন কবির (৪০)। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রােমর খুলশী থানার একটি হত্যা মামলায় জেলে যাওয়া এড়াতে ২৫ হাজার টাকা দিয়ে হুমায়ুন কবিরকে এ কাজে রাজি করান মাসুদ কামাল ওরফে কিলার মাসুদ। মাসুদ কামাল খুলশী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে মামলা আছে ১০টি।
সূত্র জানায়, মাসুদ কামাল হুমায়ুন কবিরকে বলেছিলেন এক দিন কারাভোগের পরই তিনি মুক্তি পাবেন। কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও মুক্তি না পাওয়ায় বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানিয়ে দেন হুমায়ুন।
মামলার নথি ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ২২ মে নগরের খুলশী কুসুমবাগ আবাসিক এলাকার জহির হোসেন নামের এক ব্যক্তিকে হত্যা-চেষ্টার অভিযোগে শাহ আলম, তাঁর ভাই মাসুদ কামালসহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়। ওই বছরের ২৫ নভেম্বর শাহ আলম, মাসুদ কামালসহ ১৫ জনের বিরুদ্ধে খুলশী থানার এসআই আনসারুল করিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় শাহ আলম ও মাসুদ কামাল উচ্চ আদালতে জামিনের আবেদন করলে তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। গত রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন শাহ আলম। এ সময় মাসুদ কামাল সেজে আত্মসমর্পণ করেন হুমায়ুন কবির। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তাঁরা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন।
হুমায়ুন কবিরের বরাত দিয়ে কারাসূত্র জানায়, আদালতে আত্মসমর্পণের আগে মাসুদ কামাল ও তাঁর ভাই শাহ আলম তাঁকে বলেছিলেন এক দিন পর তিনি জামিনে মুক্তি পাবেন। এক দিন কারাভোগের জন্য তাঁকে দেওয়া হবে ২৫ হাজার টাকা। কিন্তু গতকাল সোমবার পর্যন্ত মুক্তি না পাওয়ায় তাঁর বোধোদয় হয়। পরে তিনি বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে জানান, গতকাল বিকেলে হুমায়ুন কবির কান্নাকাটি করে জানান তিনি মাসুদ কামাল নন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
নগরের খুলশী থানার ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, মাসুদ কামাল খুলশী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। মাসুদ কামালের বিরুদ্ধে ব্যবসায়ী জাকির হোসেন, ছাত্রলীগের নেতা কায়সার হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে। শাহ আলমের বিরুদ্ধে নগরের খুলশী, কোতোয়ালি থানায় সাতটি মামলা আছে। ওসি জানান, ‘মাসুদ কামাল সেজে কারাগারে যাওয়া ব্যক্তিটি মাসুদ কামাল নন। প্রকৃত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’