টাকার বিনিময়ে জুয়াড়িদের ছেড়ে দিল পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার মডেল থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে বিদেশি মদসহ আট জুয়াড়িকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া জানিয়েছেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে সাভার বাজাররোডের একটি বাসার পাঁচতলার একটি ফ্ল্যাটে জুয়ার আসর বসে। মৃদুল নামের এক লোক বছর খানেক আগে বাসাটি ভাড়া নেন। রাত নয়টার দিকে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নইমুল ইসলাম পুলিশ নিয়ে ওই বাসায় অভিযান চালান। এ সময় তাঁরা আমিন হোসেন, আমিন, ডালিম, জলিল, শাহ আলম, শুকুর আলী, মোজাম্মেল ও রেজাউলকে আটক করেন। পরে ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে চার বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। এরপর টাকার বিনিময়ে আপসরফা করে তাঁদের ছেড়ে দিয়ে চার বোতল মদ নিয়ে যায় পুলিশ। কিন্তু ওই মদ পরে উদ্ধার হিসেবে দেখানো হয়নি।
শাহ আলম জানান, তাঁরা প্রায় সবাই ব্যবসায়ী। রাতে তাঁরা ওই ফ্ল্যাটে বসে টাকার বিনিময়ে জুয়া খেলে অবসর সময় কাটাচ্ছিলেন। পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে জুয়ার আসরে থাকা প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এর মধ্যে তাঁর ছিল ১ হাজার ২০০ টাকা। আটকের পর এসআই মাসুদুর ও এএসআই নইমুল তাঁদের থানায় নিয়ে বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেন। পরে বাড়ির মালিকের মধ্যস্থতায় ওই ৩০ হাজার টাকা ছাড়া জনপ্রতি আরও ১০ হাজার টাকা দেওয়ার শর্তে পুলিশ তাঁদের ছেড়ে দিতে রাজি হয়। তিনি ছাড়া বাকিরা তাৎক্ষণিক ৭০ হাজার টাকা দিয়ে ছাড়া পেলেও তাঁর কাছে টাকা না থাকায় পরে টাকা দেওয়ার শর্তে আমিন হোসেনের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। শর্ত অনুযায়ী গতকাল মঙ্গলবার টাকা জোগাড় করতে ব্যর্থ হওয়ায় আমিন তাঁর মুঠোফোনে বারবার কল করে টাকার জন্য চাপ দেন। একপর্যায়ে তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আমিন তাঁকে পুলিশ দিয়ে আটক করে নিয়ে মামলায় জড়ানোর হুমকি দেন।
জানতে চাইলে এএসআই নইমুল জানান, এসআই মাসুদুরের নেতৃত্বে সোমবার রাতে ওই বাসায় অভিযান চালিয়ে কয়েকজন জুয়াড়িকে আটক করা হয়। এসআই মাসুদুর বলেন, ‘রাতে টহলরত আমার দল ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে কয়েকজন জুয়াড়িকে আটক করে। পরে ৩০ হাজার টাকার বিনিময়ে তাঁদের ছেড়ে দেয়। আমার দায়িত্ব থাকলেও বিশেষ কারণে আমি অনুপস্থিত ছিলাম।’