টাকার বিনিময়ে দাখিলের প্রবেশপত্র সংগ্রহ
ভোলার লালমোহন উপজেলার গজারিয়া কেন্দ্রের ১৫টি মাদ্রাসার প্রধান শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কেন্দ্র সূত্র জানায়, লালমোহন উপজেলার গজারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পশ্চিম চর উমেদ, রমাগঞ্জ, লর্ডহার্ডিঞ্জ, ধলীগৌরনগর ও ফরাজগঞ্জ ইউনিয়নের ১৫টি মাদ্রাসার ২৯৮ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষা দিচ্ছে।
গতকাল শুক্রবার পরীক্ষায় অংশ নেওয়া বিভিন্ন মাদ্রাসার অন্তত ৩০ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, ফরম পূরণের সময় প্রতিষ্ঠানপ্রধানেরা পরীক্ষার জন্য শিক্ষার্থীপ্রতি দুই থেকে চার হাজার টাকা করে নিয়েছেন। আদায় করা অতিরিক্ত ফি কোনো প্রতিষ্ঠান ফেরত দেয়নি। এর পরও প্রবেশপত্র ফি বাবদ আরও ৫০০ টাকা করে নিয়েছে। অনেকে গতকালও কেন্দ্রে এসে টাকা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করে।
রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চর উমেদ দাখিল মাদ্রাসার সুপারিটেন্ডেন্ট আবুল হোসেনসহ তিনজন প্রতিষ্ঠানপ্রধান বলেন, ছাত্রদের কাছ থেকে যে ৫০০ টাকা করে নেওয়া হয়েছে—তা প্রবেশপ্রত্র ফি নয়, কেন্দ্র ফি। কেন্দ্রে ওই টাকা দেওয়া হয়েছে।
লালমোহন উপজেলার গজারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মাওলানা রফিকুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানপ্রধানেরা তাঁদের কেন্দ্র ফি বাবদ ২৫০ টাকা দিয়েছেন, যা বোর্ড কর্তৃক নির্ধারিত।
জেলা মধ্যমিক শিক্ষা কার্যালয়ের গবেষণা কর্মকর্তা নুরে আলম ও লালমোহন উপজেলা নির্বাহী (ইউএনও) জাকির হোসেন বলেন, এ ধরনের ফি নেওয়ার কোনো বৈধতা নেই। নির্ধারিত বোর্ড ফির মধ্যেই সব কিছু ধরা আছে।