ঢাকার ধামরাইয়ের ডাউটিয়া গ্রামের নজরুল ইসলামের বাড়িতে গতকাল শনিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একদল লোক অভিযান চালায়। এ সময় তাঁরা নজরুলের ছেলে সুমনকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেন। সুমন ঢাকার সাভারের গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র।
সুমনের মা আছমা আক্তার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাচ্চু মিয়াসহ এলাকার লোকজন বলেন, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে একটি মাইক্রোবাসে করে সাতজন লোক এসে নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেন। তাঁদের একজনের কাছে একটি পিস্তল ও অপর একজনের কাছে একটি বন্দুক ছিল। এরপর বাড়ির ভেতরে ঢুকে তাঁরা সুমনকে আটক করে তাঁর কাছে ২০০ ইয়াবা বড়ি আছে বলে দাবি করেন সুমন অস্বীকার করলে তাঁরা সুমনের ঘরে ঢুকে খাটের বিছানা ও ড্রয়ার তছনছ করে ছয় হাজার টাকা পান। পরে তাঁরা ওই টাকা সুমনের হাতে দিয়ে খাটের নিচে এক পুরিয়া গাঁজা পাওয়ার কথা জানান। এরপর তাঁরা সুমনকে গাড়িতে তোলার চেষ্টা করেন।
আছমা আক্তার বলেন, সুমনকে ছাড়িয়ে রাখতে তিনি খাটের নিচ থেকে উদ্ধার করা ছয় হাজার টাকাসহ মোট ২৬ হাজার টাকা ওই ডিবি পুলিশ পরিচয়দানকারীদের হাতে দেন। এ সময় বাচ্চু মিয়া সেখানে উপস্থিত ছিলেন। টাকা হাতে পেয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে সুমনকে ছেড়ে দিয়ে তাঁরা দুটি মুঠোফোন নম্বর (০১৭১৩৬৪৬১২৮ ও ০১৯৮১৮৭৯৯৯৫) দিয়ে বাচ্চু মিয়াকে নিয়ে চলে যান।
সুমন বলেন, ডিবি পরিচয়ে আসা লোকদের তিনজনের কোমরে ডিবির পরিচয়পত্র ছিল। আর একজনের শরীরে ডিবি লেখা একটি জ্যাকেট ছিল। তাঁর ঘরে কোনো গাঁজা ছিল না বলে তিনি দাবি করেন।
বাচ্চু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডিবি পরিচয়দানকারীদের পরিচয় দিতে পারেননি। তবে সুমনদের বাড়ি থেকে বের হওয়ার পর তিনি তাঁদের নিয়ে কালামপুর বাজারে হোটেলে গিয়ে নাশতা খেয়েছেন বলে বলে জানান।
বিষয়টি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিমকে জানালে তিনি বলেন, ‘কারা এই কাজ করেছে তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’