
ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে টাকার বিনিময়ে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে যাত্রী তোলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঝুঁকিপূর্ণভাবে যাত্রী বহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে প্রতিদিন ১৬ জোড়া ট্রেন চলাচল করে। প্রতিদিন সরকারি-বেসরকারি অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ট্রেনে ঢাকায় যান। আবার ঢাকা থেকে প্রতিদিন নারায়ণগঞ্জে মানুষ আসেন। এই রেলপথে প্রতিদিন ট্রেনের ছাদে ও ইঞ্জিনে ঝুঁকি নিয়ে শিশু, নারীসহ শত শত যাত্রী চলাচল করছেন। রেলওয়ের নারায়ণগঞ্জ স্টেশন, চাষাঢ়া, ফতুল্লা ও পাগলা স্টেশন থেকে যাত্রীরা অবাধে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে উঠলেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না।
ট্রেনের ইঞ্জিনে ভ্রমণকারী হামিদুর রহমান বলেন, ট্রেনের ছাদে ও ইঞ্জিনে যাতায়াত করলে ৫ থেকে ১০ টাকা দিয়েই ভ্রমণ করা যায়। ট্রেনের চালক ও স্টাফরা এই ভাড়া আদায় করেন। তবে কোনো টিকিট দেওয়া হয় না। যাত্রী দেলোয়ার হোসেন বলেন, কম ভাড়ার কারণে তাঁর মতো অনেকেই ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে চলাচল করেন। যাত্রী আলমগীর হোসেন বলেন, ইঞ্জিন অনেক গরম এবং এতে অনেক শব্দ হয়। ট্রেন যখন চলে তখন ধুলাবালি ওড়ে। তবু কম ভাড়ার কারণে এভাবে কষ্ট করে ও ঝুঁকি নিয়ে চলাচল করেন তিনি।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ট্রেনের ছাদে ও ইঞ্জিনে ঝুঁকি নিয়ে যাত্রী বহনে যেকোনো সময় দুর্ঘটনায় প্রাণহানি ঘটতে পারে। রেলওয়ের স্টেশনমাস্টার, কর্মকর্তা-কর্মচারী ও জিআরপি পুলিশ জড়িত না থাকলে এভাবে যাত্রী বহন করা সম্ভব নয়। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
রেলওয়ে নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘ট্রেন যখন স্টেশন ছাড়তে শুরু করে তখন যাত্রীরা লাফিয়ে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে উঠে যান। চাষাঢ়া ও ফতুল্লা স্টেশন থেকে ঝুঁকি নিয়ে যাত্রী বেশি ওঠেন। তখন আমাদের কিছু করার থাকে না।’ টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিষয়টি ট্রেনের যাঁরা স্টাফ থাকেন, তাঁরাই ভালো বলতে পারবেন।
রেলওয়ে নারায়ণগঞ্জের স্টেশনমাস্টার গোলাম মোস্তফা বলেন, ‘ট্রেনের ছাদে ও ইঞ্জিনে ওঠার সময় আমরা বাধা দেওয়ার চেষ্টা করলেও তাঁরা (যাত্রীরা) আমাদের কথা শোনে না।’ যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ১৬ জোড়া ট্রেনের মধ্যে ১৩ জোড়া লিজ দেওয়া হয়েছে বেসরকারি এসআর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে। তারা হয়তোবা এসব যাত্রীর কাছ থেকে ভাড়া আদায় করলেও করতে পারে। সেটি আমার জানা নেই।’
এসআর এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মুরাদুজ্জামান বলেন, ট্রেনের ছাদে ও ইঞ্জিনে যাঁরা যাতায়াত করেন, তাঁদের কাছ থেকে তাঁরা কোনো ভাড়া আদায় করেন না। কারণ, চলন্ত ট্রেনের ছাদে ও ইঞ্জিনে ভাড়া আদায় করা ঝুঁকিপূর্ণ। ট্রেনের চালক ও স্টাফরাই ওই যাত্রীদের কাছ থেকে ভাড়ার নামে টাকা আদায় করে থাকেন বলে তিনি জানান।