টাকার বিনিময়ে নকলের সুযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও ডিগ্রি পরীক্ষায় টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের নকল করার সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট কলেজের কয়েকজন শিক্ষক এ কাজে জড়িত বলে জানা গেছে।
কলেজ সূত্রে জানা যায়, চলতি বছর নাজিরপুর কলেজ থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৩০ জন এইচএসসি ও ১৬০ জন শিক্ষার্থী ডিগ্রি পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত ২৬ আগস্ট শুরু হওয়া এইচএসসি পরীক্ষা শেষ হবে আগামী ২৮ অক্টোবর। গত ২২ জুলাই শুরু হওয়া ডিগ্রি পরীক্ষা শেষ হবে ২১ অক্টোবর। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীদের পৌরনীতি প্রথম পত্র ও ডিগ্রি পরীক্ষার্থীদের ইসলামিক স্টাডিজ প্রথম পর্ব পরীক্ষা ছিল। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীদের পৌরনীতি দ্বিতীয় পত্র ও ডিগ্রি পরীক্ষার্থীদের ইতিহাস পঞ্চম পর্ব পরীক্ষা চলে।
পরীক্ষায় অংশ নেওয়া অন্তত ১৬ জন শিক্ষার্থী বলেন, পরীক্ষায় নকল করার সুযোগ করে দেওয়ার কথা বলে কলেজের কয়েকজন শিক্ষক ও অফিস সহকারী প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ৫০০ টাকা করে তুলেছেন। কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান বালী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম আলী শেখ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মাধব চন্দ্র মণ্ডল ও অফিস সহকারী মো. এনামুল করিম পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা তোলায় জড়িত রয়েছেন। ওই শিক্ষকদের সরাসরি সহযোগিতায় পরীক্ষার্থীরা প্রকাশ্যে নকল করছেন।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষক বলেন, ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে প্রকাশ্যে শিক্ষার্থীরা নকল করায় আমি পরীক্ষার কক্ষে দায়িত্ব পালন করছি না। টাকার বিনিময়ে শিক্ষার্থীদের এভাবে নকল করায় সহযোগিতা করা একজন শিক্ষকের জন্য লজ্জাজনক।’
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, পরীক্ষার্থীরা শিক্ষকের সামনে প্রকাশ্যে বেঞ্চের ওপর নকল রেখে পরীক্ষা দিচ্ছেন। এ সময় পরীক্ষাকক্ষের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করা দুজন শিক্ষককে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে পরীক্ষা কেন্দ্রের একজন কক্ষ পরিদর্শক বলেন, ‘পরীক্ষা কমিটির সঙ্গে থাকা শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী আমরা দায়িত্ব পালন করছি।’
উপজেলার দীর্ঘা গ্রামের এক ডিগ্রি পরীক্ষার্থী বলেন, ‘টাকা না দিলে পরীক্ষার হলে কোনো সুযোগ-সুবিধা পাওয়া যায় না। আমরা হলে সুবিধা পাওয়ার জন্য ৫০০ টাকা করে শিক্ষকদের দিয়েছি।’
কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান বালী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম আলী শেখ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মাধব চন্দ্র মণ্ডল টাকার বিনিময়ে নকল করার সুবিধা দেওয়ার কথা অস্বীকার করেন।
মুজিবুর রহমান বালী বলেন, পরীক্ষায় কোনো নকল হচ্ছে না। পরীক্ষার হলে প্রশাসনের লোকজন ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুই ঘণ্টা ছিলেন। তাঁকে ফোন দিয়ে জানেন।
ইব্রাহীম আলী শেখ বলেন, ‘কোথায় নকল আমি তো দেখি না।’ টাকার বিনিময়ে নকলের সুবিধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব অভিযোগ সঠিক নয়।
ইউএনও মো. রেজাউল করিম বলেন, ‘কলেজের অধ্যক্ষকে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য বলা হয়েছে। তিনি আমাকে কথা দিয়েছেন।’
কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন পরীক্ষার্থীদের নকল করতে সুযোগ দেওয়ার কথা অস্বীকার করেন।