জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুস্থ ব্যক্তিদের উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির চাল বিতরণের সময় কার্ডধারী ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়েছেন। গতকাল শনিবার এ কর্মসূচির চাল বিতরণ করা হয়।
ইউপি ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভিজিডির অধীনে দুস্থ নারীদের জন্য ২০১৬-১৭ অর্থবছরে ডোয়াইল ইউনিয়নে ৩৫৬টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। এ কার্ডধারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। এ জন্য কার্ডধারীদের কাছ থেকে টাকা নেওয়ার নিয়ম নেই।
ভিজিডির কার্ডধারী ব্যক্তিরা বলেন, গতকাল ডোয়াইল ইউপি কার্যালয়ে কার্ডধারীদের মধ্যে মার্চ ও এপ্রিলের চাল বিতরণ করা হয়। এদিন সাড়ে তিন শ জন কার্ডধারী চাল তোলেন। এ সময় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন প্রত্যেক কার্ডধারীর কাছ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এবং পরিবহন খরচের কথা বলে এক শ থেকে তিন শ পর্যন্ত টাকা নেন।
১৪২ নম্বর কার্ডধারী চাপারকোনা গ্রামের রোকেয়া বেগম বলেন, ‘চেয়ারম্যান চাল দেওয়ার সময় আমার কাছ থেকে এক শ টাকা নিয়েছেন। অনেক কষ্টে টাকাটা জোগাড় করে দিয়েছি।’
৪৭ নম্বর কার্ডধারী হাটবাড়ি গ্রামের বানেছা বেগম বলেন, চেয়ারম্যান চাল দেওয়ার সময় খরচের কথা বলে তাঁর কাছ থেকে তিন শ টাকা নিয়েছেন।
৭২ নম্বর কার্ডধারী ডিগ্রীবন্দ গ্রামের নাজমা বেগম বলেন, ‘চেয়ারম্যান চাল আনতে গাড়ি ভাড়ার জন্য আমার কাছ থেকে এক শ টাকা নিয়েছেন।’
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘উপজেলা খাদ্য গুদাম থেকে ইউপি কার্যালয়ে ট্রাকে চাল আনতে ২১ হাজার টাকা খরচ হয়েছে। এ ছাড়া ইউএনও ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সরকারি খরচ বাবদ টাকা নেওয়া হয়েছে।’
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আমাতুস জহরাবলেন, ‘চাল নেওয়ার সময় কোনো কার্ডধারীর কাছ থেকে টাকা নেওয়া যাবে না। আমাদের কথা বলে চেয়ারম্যান টাকা নিয়ে থাকলে তা ঠিক করেননি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, ‘টাকা নেওয়ার কথা শুনেছি। আমাদের কথা বলে কার্ডধারীদের কাছ থেকে চেয়ারম্যান টাকা নিয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’