টাকার বিনিময়ে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর ফাজিল মাদ্রাসায় টাকার বিনিময়ে পরিচালনা পর্যদ শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় এক নিয়োগ প্রার্থী গত রোববার স্থানীয় সাংসদ, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
পরিচালনা পর্যদের সভাপতি ও অধ্যক্ষ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। নিয়োগের আগে সভাপতি তিন প্রার্থীর কাছ থেকে অগ্রিম ৫০ হাজার করে টাকাও নেন। পরে যাঁকে নিয়োগ দেওয়া হচ্ছে, তাঁর টাকা রেখে বাকিদের টাকা ফেরত দেওয়া হয়।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাদ্রাসায় সহকারী মৌলভি নিয়োগের জন্য গত ২৪ অক্টোবর বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পদের জন্য চার প্রার্থী আবেদন করেন। ১১ ডিসেম্বর প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয়।
লিখিত অভিযোগকারী উম্মে আম্মারার বাবা আতাউর রহমান অভিযোগ করেন, পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর মাদ্রাসার সভাপতি গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল লতিফের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, পরিচালনা পর্যদের সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসার উন্নয়নের জন্য সাড়ে সাত লাখ টাকা দিলে তাঁর মেয়ে উম্মে আম্মারাকে নিয়োগ দেওয়া হবে। আতাউর রহমান এতে রাজি হলে তাঁকে অগ্রিম ৫০ হাজার টাকা দিতে বলা হয়। আতাউর রহমান গত ২ ডিসেম্বর সকালে সভাপতির বাসায় গিয়ে ৫০ হাজার টাকা দিয়ে আসেন।
তিনি অভিযোগ করেন, পরীক্ষার কমপক্ষে তিন দিন আগে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের কার্ড দেওয়ার নিয়ম। কিন্তু ১১ ডিসেম্বর সকালে মাদ্রাসার কেরানি কার্ড নিয়ে তাঁর বাসায় যান। এরপর বিকেলে তাঁর মেয়ে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার পর তাঁদের জানানো হয়, নিয়োগ পরীক্ষায় লায়লা আরজুমান প্রথম হয়েছেন।
একই অভিযোগ করেন আরেক নিয়োগ প্রার্থী মাহমুদা খাতুনের স্বামী সৈয়দ আরিফ হোসেন। তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে গিয়ে তাঁরা জানতে পারেন পরীক্ষার আগেই পরিচালনা পর্যদের সদস্যরা তাঁদের পছন্দের প্রার্থী লায়লা আরজুমানকে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করেছেন।
সভাপতি আবদুল লতিফ বলেন, পরিচালনা পর্যদ সিদ্ধান্ত নিয়েছে, মাদ্রাসার উন্নয়নের জন্য যে প্রার্থী সাড়ে সাত লাখ টাকা দেবেন, তাঁকেই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে তিন প্রার্থী তাঁদের চাহিদামতো টাকা দিতে রাজি হলে ওই তিনজনের কাছ থেকে ৫০ হাজার করে টাকা নেওয়া হয়েছিল। সব প্রার্থীকেই বলা হয়েছিল, নিয়োগ পরীক্ষায় যে প্রথম হবেন, তাঁকেই নিয়োগ দেওয়া হবে। পরীক্ষাসংক্রান্ত বিষয়টি দেখাশোনা করেছেন মাদ্রাসার অধ্যক্ষ। তাই কোনো প্রার্থীর কার্ড না পাওয়া বা পরীক্ষার আগে প্রশ্নপত্র সরবরাহ করার বিষয়টি তিনিই জানেন।
মাদ্রাসার অধ্যক্ষ গোলাম মওলা জানান, যাঁর শিক্ষাগত যোগ্যতা ভালো, পরীক্ষায় যে ভালো করেছেন, সেই প্রথম হয়েছেন। এ সময় পরীক্ষার আগে কাউকে প্রশ্নপত্র সরবরাহ করার অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপক কুমার বণিক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের নামে নিয়োগ প্রার্থীর কাছ থেকে কোনো ধরনের টাকা নেওয়া সম্পূর্ণ অবৈধ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।