টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ সংঘর্ষে অধ্যক্ষসহ আহত ৯ জন
কুড়িগ্রামের উলিপুরে এক মাদ্রাসায় শিক্ষক নিয়োগের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে অধ্যক্ষ, সভাপতিসহ নয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উলিপুরের কামাল খামার দ্বিমুখী ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সম্প্রতি ওই মাদ্রাসায় টাকার বিনিময়ে আরবি প্রভাষক পদে এনায়েতুল করিম নামের একজনকে নিয়োগ দেওয়া হয়। গতকাল দুপুরে নিয়োগ পাওয়া শিক্ষক যোগদান করতে এলে এলাকাবাসী শিক্ষাপ্রতিষ্ঠানটির বারান্দায় তাঁকে ঘেরাও করে। কথা-কাটাকাটির একপর্যায়ে মাদ্রাসা কমিটির পক্ষের লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এলাকাবাসী একজোট হয়ে মাদ্রাসার অধ্যক্ষ লিয়াকত আলী, কমিটির সভাপতি মতিয়ার রহমান, অফিস সহকারী মোন্তাজ আলীকে মারধর এবং অফিসকক্ষসহ মাদ্রাসায় ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে এলাকার বাসিন্দা ইউনুস আলীসহ ছয়ুজন আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ইউনুস আলী (৩০) বলেন, ‘আমরা সবাই জানি, টাকা নিয়ে ওই শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। ওই টাকা মাদ্রাসার উন্নয়নে খরচ করার কথা। কিন্তু তা না করে অধ্যক্ষসহ কমিটি টাকাটা ভাগাভাগি করে নেয়। এ জন্য এলাকাবাসী খেপে ছিল। দুপুরে ওই শিক্ষক এলে তাঁকে ঘিরে ধরে।’
অধ্যক্ষ লিয়াকত আলী বলেন, নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করতে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভা চলাকালে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালায়।