টাকার লোভে তিন যুবকের হাতে তুলে দেওয়া হলো কিশোরীকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দম্পতির বিরুদ্ধে ঢাকার এক কিশোরীকে রংপুরের তারাগঞ্জে এনে টাকার লোভে তিন যুবকের হাতে তুলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই যুবকেরা কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার সময় এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় ওই কিশোরী গতকাল সোমবার মামলা করেছে।
কিশোরী (১৪) অভিযোগ করে জানায়, সে ঢাকার কাওলা বাজার এলাকায় থাকত। তার দুই বছর বয়সে মা মারা গেলে বাবা দ্বিতীয় বিয়ে করেন। পরে সে সৎমায়ের সংসারে বেড়ে ওঠে। সৎমা তাকে ঠিকমতো খাবার দিতেন না। কারণে-অকারণে মারধর করতেন। তাদের পাশেই ভাড়া থাকতেন তারাগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের রিকশাচালক আবদুল জলিল (৩৬) ও তাঁর স্ত্রী। সৎমায়ের নির্যাতন সইতে না পেরে সে মাঝেমধ্যে জলিলের বাসায় আশ্রয় নিত। তাঁরা তাকে আদর করতেন।
কিশোরী আরও জানায়, ৯ আগস্ট তাকে সৎমা মারধর করলে সে জলিলের বাড়িতে আশ্রয় নেয়। তাঁরা তাকে আশ্রয়ের নামে ১১ আগস্ট লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন। গত রোববার রাতে তাঁরা তাকে তিন যুবকের হাতে তুলে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। ওই যুবকেরা তাকে যৌন নিপীড়নের চেষ্টা চালান। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ওই গ্রামের সাজু মিয়াকে (২৬) আটক করেন। অপর দু্ই যুবক আবদুর রাজ্জাক (২৭) ও জহুরুল হক (৩০) পালিয়ে যান। তাঁদের বাড়ি তারাগঞ্জের উত্তর হাজিপুর গ্রামে। খবর পেয়ে গতকাল সোমবার সকালে তাকে উদ্ধার করে এবং আটক যুবককে থানায় নিয়ে যায় পুলিশ।
থানায় ওই কিশোরী কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘জলিল ও তাঁর স্ত্রীকে আমি বাবা-মা ডেকেছিলাম। তাঁরা আমাকে টাকার লোভে লোক দিয়ে নষ্ট করতে চেয়েছিলেন। আমি তাঁদের কঠিন শাস্তি চাই।’
গতকাল ওই গ্রামে গিয়ে দেখা যায়, জলিলের ঘরে তালা ঝুলছে। এ সময় প্রতিবেশী কয়েকজন জানান, ঘটনার পর থেকে তাঁরা পালিয়ে গেছেন।
সাজু বলেন, ‘দেড় হাজার টাকা নিয়ে জলিল ও তাঁর স্ত্রী ওই কিশোরীকে এক রাতের জন্য আমাদের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু মেয়েটি ছোট বলে আমি ওর গায়ে হাত দিইনি।’
থানার ওসি মোসাব্বিরুল হক জানান, ওই দম্পতিসহ পাঁচজনকে আসামি করে ওই কিশোরী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।