
রাজধানীর কলাবাগান থানা এলাকায় যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফুন্নেছা আরিফা (২৫) হত্যা মামলায় তাঁর সাবেক স্বামী ফখরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল টাঙ্গাইলের ধনবাড়ী থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়।
এ ব্যাপারে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন বলেন, আরিফুন্নেছা ও ফখরুলের ছাড়াছাড়ি হয় ২০১৬ সালে। কিন্তু ফখরুল আবার তাঁর সঙ্গে সংসার শুরুর চেষ্টা করছিলেন। এতে আরিফার আগ্রহ ছিল কম। তবে দুজনের মধ্যে যোগাযোগ ছিল। হত্যাকাণ্ডের আগের দিনও মতিঝিলে আরিফার ব্যাংকে গিয়ে দেখা করেন ফখরুল। দেখা করে তিনি আরিফাকে তাঁর ব্যবহৃত মালামাল ফিরিয়ে দিতে চান। সে অনুযায়ী পরদিন সেই মালপত্র দিতে আরিফার বাসায় যান ফখরুল।
আবদুল বাতেন বলেন, ফখরুলের ভাষ্য, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল না। ১৬ মার্চ সকালে আরিফার বাসায় মালপত্র পৌঁছে দেওয়ার পর তিনি আবার আরিফাকে সংসার শুরুর প্রস্তাব দেন। আরিফা তা প্রত্যাখ্যান করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফা ঘর থেকে একটি ছুরি নিয়ে আসেন। এ সময় তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয় ও ফখরুলের হাতে ছুরির আঘাত লাগে। তখন ফখরুল আরিফার হাত থেকে ছুরিটি কেড়ে নিয়ে তাঁকে আঘাত করে পালিয়ে যান।
মাত্র চার মিনিট সময়ের মধ্যে এত কিছু সম্ভব কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে আবদুল বাতেন বলেন, ঘটনা সম্পর্কে এটি ফখরুলের ভাষ্য। পুলিশ এখনো এ ব্যাপারে নিশ্চিত হয়নি। তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
ঘটনাস্থলের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ অনুযায়ী, ১৬ মার্চ ৮টা ৪৪ মিনিটে আরিফা মুঠোফোনে কথা বলতে বলতে ১৩ ওয়েস্ট অ্যান্ড স্ট্রিটের বাড়ির মূল ফটকের দিকে যান। ৮টা ৪৭ মিনিটে আরিফা তাঁর সাবেক স্বামীকে সঙ্গে নিয়ে বাসার দিকে আসেন। ৮টা ৫১ মিনিটে ফখরুল দৌড়ে বাড়ির মূল ফটক দিয়ে চলে যান। এরপর ওই বাড়ির লোকজন আরিফাকে সিঁড়ির কাছে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। হাসপাতালে নেওয়া হলে দুপুর পৌনে ১২টার দিকে তিনি মারা যান। ওই রাতে এ ব্যাপারে কলাবাগান থানায় ফখরুলকে একমাত্র আসামি করে মামলা করেন আরিফার বড় ভাই আবদুল্লাহ আল আমীন।
গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ঘটনার পরপরই ফখরুল তাঁর মুঠোফোন বন্ধ করে দেন। পরে ১৬ মার্চ রাতে এক বন্ধুকে তাঁর মুঠোফোনটি চালু করে ফোন দেন। ওই বন্ধুর মাধ্যমেই ফখরুল জানতে পারেন আরিফা মারা গেছেন। এরপর ফখরুল জামালপুর শহরে চলে যান। কিন্তু শহরে নিজ বাসায় যাননি। পরদিন তিনি ধনবাড়ীর চারি শিমুল গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। ডিবি পুলিশ গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ওই বাড়িতে গিয়ে ফখরুলকে গ্রেপ্তার করে।