টাঙ্গাইলে নিহত দুই 'জঙ্গির' বাড়ি রাজশাহীতে
টাঙ্গাইল শহরের কাগমারা মির্জামাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত দুজনের পরিচয় জানিয়েছে র্যাব। দুজনই রাজশাহীর চারঘাট উপজেলার বলে উল্লেখ করা হয়েছে।
র্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকীর পক্ষ থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, নিহত দুই জঙ্গির নাম আতিকুর রহমান ও সাগর হোসেন। দুজনেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। আতিকুরের বাবার নাম লতিফুর রহমান। চারঘাটের নিমপাড়া গ্রামে তাঁদের বাড়ি। আর সাগরের বাবার নাম জুনায়েদ হোসেন।
র্যাব জানায়, আতিকুর ও সাগরের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সকাল ১০টার দিকে ওই অভিযান চালানো হয়। মহিউদ্দিন ফারুকীর ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটিতে সকাল ১০টার দিকে অভিযান চালানো হয়। ভেতরে ঢোকার পর এক ‘জঙ্গিকে’ গ্রেপ্তার করতে গেলে ধস্তাধস্তি হয়। এ সময় অন্য ‘জঙ্গিরা’ র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ার চেষ্টা চালায়। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দুজন ‘জঙ্গি’ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। বেলা দেড়টার দিকে বোমা বিশেষজ্ঞ দলকে নিয়ে ভেতরে ঢোকে র্যাবের দল। এরপর তারা লাশ দুটি বের করে নিয়ে আসে। ঘর থেকে একটি পিস্তল, একটি রিভলবার, ১০টি চাপাতি, দুটি ছুরি ও ৬৪ হাজার ৯০০ টাকা উদ্ধার হয়েছে।
ওই বাড়ির মালিক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আজাহার আলী বলেন, ছাত্র পরিচয়ে গত ২৭ সেপ্টেম্বর তারা বাড়ির নিচতলার একটি কক্ষ ভাড়া নেয়। এ সময় তাদের কাছে জাতীয় পরিচয়পত্র চাওয়া হলে বলেছিল দু-এক দিনের মধ্যে দিয়ে দেবে।