টাঙ্গাইল পৌরসভার মেয়রকে নাগালে পেলেই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার এড়াতে ‘পালিয়ে’ থাকা টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খানের (মুক্তি) দ্বিতীয় দফা ছুটির মেয়াদ শেষ হয়েছে গতকাল বুধবার। পুলিশ বলছে, এবার নাগালে পেলেই গ্রেপ্তার করা হবে তাঁকে।
এদিকে ‘পালিয়ে’ থেকে সহিদুর আবারও যাতে ছুটির মেয়াদ বাড়াতে না পারেন, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহত ফারুকের স্ত্রী নাহার আহমেদ।
জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে তাঁর বাসার সামনে থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামি আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের জবানবন্দিতে হত্যাকাণ্ডে মেয়র সহিদুর রহমান খান, তাঁর তিন ভাই সাংসদ আমানুর রহমান খান (রানা), ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাকন) ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সানিয়াত খানের (বাপ্পা) জড়িত থাকার বিষয় উঠে আসে।
এরপরই গ্রেপ্তার এড়াতে সহিদুর গত ২০ নভেম্বর পালিয়ে যান বলে অভিযোগ ওঠে। যাওয়ার আগে তিন মাসের একটি ছুটির আবেদন পৌর পরিষদে রেখে যান তিনি। ২৩ নভেম্বর পৌর পরিষদ ছুটি মঞ্জুর করে। গত ২২ ফেব্রুয়ারি ছুটির মেয়াদ শেষ হলেও তিনি কাজে যোগ দেননি। পালিয়ে থেকে গত ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দ্বিতীয় দফা ছুটির আবেদন করেন তিনি। পরে ২৩ ফেব্রুয়ারি থেকে গতকাল ৮ এপ্রিল পর্যন্ত দেড় মাসের এ ছুটি মঞ্জুর করে মন্ত্রণালয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মাহফীজুল ইসলাম দাবি করেন, মেয়রকে গ্রেপ্তার করতে একাধিক অভিযান চালানো হয়েছে। তাঁকে পাওয়া যায়নি। পাওয়া গেলে ওই হত্যা মামলায় গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে।
পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মানবেন্দ্র পাল গতকাল জানান, মেয়রের নতুন করে ছুটি বৃদ্ধিসংক্রান্ত কোনো চিঠিপত্র তাঁরা বিকেল পর্যন্ত পাননি। মেয়রও এ ব্যাপারে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি।