টাঙ্গাইলে অটোরিকশা চালককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুরে বেলাল হোসেন নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে ছিনতাইকারীরা হত্যা করেছে। পুলিশ ছিনতাইকারীদের ব্যবহার করা মাইক্রোবাসটি আটক করেছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, গোপালপুর উপজেলার গুলিপেচা গ্রামের বেলাল হোসেন তাঁর অটোরিকশায় সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ভূঞাপুর উপজেলার কুঠিবয়ড়া এলাকায় পৌঁছালে মাইক্রোবাস নিয়ে ওত পেতে থাকা কয়েকজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। তারা বেলাল হোসেনকে মাইক্রোবাসে তুলে অটোরিকশাটি তাদের নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনা স্থানীয় এক ব্যক্তি দেখে চিৎকার শুরু করেন। এ সময় ছিনতাইকারীরা মাইক্রোবাস ও ছিনতাই করা অটোরিকশা নিয়ে তারাকান্দির দিকে পালাতে থাকে।
মুঠোফোনে খবর পেয়ে নলিনবাজার এলাকায় স্থানীয় জনগণ রাস্তায় মাইক্রোবাসটি আটকের চেষ্টা করে। মাইক্রোবাসটি জনগণের প্রতিরোধ ভেঙে পালিয়ে যায়। পরে তারা অটোরিকশাচালক বেলালকে শ্বাসরোধে হত্যা করে নারুচি উত্তরপাড়া এলাকায় ফেলে রেখে যায়। গভীর রাতে তাঁর লাশ উদ্ধার করা হয়। মাইক্রোবাসটি পার্শ্ববর্তী সরিষাবাড়ী উপজেলার বাড়ইপোটল এলাকা থেকে এবং ছিনতাই করা অটোরিকশাটি নলিন রেলক্রসিং এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে।
নিহত অটোরিকশাচালক গোপালপুরের গুলিপেচা গ্রামের মরহুম মনছুর আলীর ছেলে। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহত বেলালের ভাই আবদুল করিম বাদী হয়ে গোপালপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।
শিশু খুন: সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের সখীপুরে জুলহাস উদ্দিন (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বড়চওনা-নামদারপুর সড়কে বড়চওনা বেপারিপাড়া সেতুর উত্তর পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের হাত, পা, মাথা, কান ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন এবং দুটি দাঁত ভাঙা পাওয়া গেছে। শিশুটি বড়চওনা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।