টাঙ্গাইলে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল শহর বাইপাস সড়কের ঘারিন্দা থেকে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন সদর উপজেলার কাকুয়া গ্রামের নাজমুল হাসান সুমন (৩০) এবং রাঙ্গাচিরা গ্রামের রহিম বাদশা (৩২)।
র‌্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার বীণা রাণী দাস জানান, রংপুর সদরের নিউ আদর্শ পাড়ার মো. ফারুক হোসেন ও তাঁর ছেলে ফাতিন হাসনাত (১৭) টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ায় ভাড়া বাসায় থাকেন। ১৫ মার্চ (বুধবার) সকাল সাড়ে আটটার দিকে রংপুর যাওয়ার জন্য শহর বাইপাস সড়কের ঘারিন্দা মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সিলভার রঙের একটি প্রাইভেট কারে পাঁচজন অজ্ঞাতনামা লোক এসে তাঁদের তুলে নিয়ে ঢাকার দিকে রওনা হয়। তারা ফারুক ও তাঁর ছেলেকে হাত-পা বেঁধে ভয়ভীতি দেখিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে এক লাখ টাকা নির্ধারণ করে কয়েকটি বিকাশ অ্যাকাউন্টের নম্বর দেয়। ফারুক হোসেন তাঁর কয়েকজন আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে ৪০ হাজার টাকা সেই সব বিকাশ নম্বরে পাঠানোর ব্যবস্থা করেন। বাকি ৬০ হাজার টাকার জন্য শহর বাইপাসের ঘারিন্দায় এনে ছেলেকে রেখে ফারুক হোসেনকে ছেড়ে দেয় অপহরণকারীরা। তিনি ছাড়া পেয়ে র‌্যাব-১২-এর টাঙ্গাইলের ৩ নম্বর কোম্পানি কার্যালয়ে অভিযোগ করেন। পরে ওই দিনই বিকেলে অপহরণকারীরা আশেকপুর বাইপাসে এলে র‌্যাব তাদের ঘেরাও করে মো. নূর আলম (১৮) নামের এক অপহরণকারীকে আটক করে এবং অপহৃত ফারুক হোসেনের ছেলে ফাতিন হাসনাতকে উদ্ধার করে। ওই দিনই ফারুক হোসেন বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। ২২ মার্চ র‌্যাব এই অপহরণে জড়িত সাদ্দাম হোসেন নামে একজনকে ঢাকার নর্দা এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের জবানবন্দির সূত্রধরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার নাজমুল হাসান সুমন ও রহিম বাদশাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বাবা-ছেলে অপহরণের কথা স্বীকার করেছেন।