টাঙ্গাইলে অপহৃত একজন উদ্ধার, অস্ত্রসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল থেকে অপহরণের তিন দিন পর গতকাল বৃহস্পতিবার এক ব্যক্তিকে টাঙ্গাইল জেলা শহরের আশেকপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ সময় অপহরণকারী সন্দেহে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
উদ্ধার হওয়া ব্যক্তি হলেন ঘাটাইল উপজেলার সিঙ্গুরিয়া এলাকার রবিউল ইসলাম (৪৫)। আটক হওয়া তিনজন হলেন টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকার শহিদুল হক (৩৮) ও আবদুল মজিদ (২৭) এবং কালিহাতী উপজেলার দুর্গাপুর এলাকার জয়নাল আবেদীন (৩০)।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান টিটু বলেন, ‘তিন দিন আগে সিঙ্গুরিয়া এলাকা থেকে রবিউল ইসলামকে অপহরণ করা হয়। পরে তাঁর পরিবারের কাছে মুঠোফোনের মাধ্যমে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ঘটনাটি তাঁর পরিবার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশকে জানালে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহের নির্দেশে আমরা ছদ্মবেশে মুক্তিপণের টাকা নিয়ে রবিউলকে উদ্ধার করতে যাই।
আমাদের উপস্থিতি টের পেয়ে চার অপহরণকারী পালানোর চেষ্টা করেন। পরে রবিউলকে উদ্ধার এবং গুলিভর্তি একটি রিভলবারসহ তিন অপহরণকারীকে আটক করা হয়। অপরজন পালিয়ে যান। আটক তিনজনের বিরুদ্ধে অপহরণ ও অস্ত্র আইনে দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’