টাঙ্গাইলে আইনজীবী সহকারীসহ দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে গত মঙ্গলবার রাতে দুটি খুনের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা টাঙ্গাইল সদর উপজেলায় এক আইনজীবী সহকারীকে ও দেলদুয়ার উপজেলায় এক যুবককে হত্যা করেছে।
সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বিন্নাফৈর গ্রামের আঞ্জু মুন্সীর ছেলে শহিদুল ইসলাম ওরফে জুয়েল রাত ১১টার দিকে পার্শ্ববর্তী ফুটানি বাজারে কেনাকাটা করতে যান। কেনাকাটা শেষে সাইকেলে চড়ে বাড়ির দিকে শহিদুল রওনা হলে দুর্বৃত্তরা তাঁকে প্রথমে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। গতকাল বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। শহিদুল টাঙ্গাইল আইনজীবী সহকারী সমিতির কার্যকরী পরিষদের সদস্য।
গতকাল সকালে দেলদুয়ারের পাথরাইল ইউনিয়নের কৈজুরী গ্রাম থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম হাবিব মিয়া (২০)। তিনি টাঙ্গাইল পৌর এলাকার বাছরাকান্দি এলাকার মহন বেপারীর ছেলে।