টাঙ্গাইলে এএসআই হত্যা মামলার আসামি গ্রেপ্তার
টাঙ্গাইলে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার রাতে শহরের পূর্ব আদালতপাড়া এলাকায় তার বাসার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা গোলাম মাহফীজুর রহমান জানান, এএসআই নুরুল ইসলামকে হত্যার পর পরই সুজন আত্মগোপন করে। দীর্ঘদিন পর সে বাড়ি এসেছে, এ খবর পেয়ে তাঁরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গতকাল রোববার সুজনকে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ডের বিষয়ে আজ সোমবার শুনানি হবে।
পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী উল্কা গত বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে যুবলীগে যোগদান করে। ২৬ জুলাই পুলিশ উল্কাদের বাসা তল্লাশি করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এতে পুলিশের এএসআই নুরুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার পর সদর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সুজন সাত নম্বর আসামি। ঘটনার দুই দিন পর উল্কা ও তার অপর সহযোগী সাহেদ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।