টাঙ্গাইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সদর উপজেলায় গত মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সুনামগঞ্জের জামালগঞ্জে গতকাল বুধবার যত্না রানী তালুকদার (২২) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
টাঙ্গাইল সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মহিষানন্দলাল গ্রামের ফজলুল হকের ছেলে আবু হানিফ (৩৫) গত মঙ্গলবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা রাত তিনটার দিকে ওই বাড়িতে এসে তাঁকে ডাকাডাকি করে। দরজা না খোলায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আবু হানিফের স্ত্রী পারভীন বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে তারা হানিফকে উঠানে নিয়ে এসে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। হানিফ সিএনজিচালিত অটোরিকশা চালাতেন।
সদর থানার এসআই রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় গতকাল পারভীন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। তাদের (পুলিশ) ধারণা, নিষিদ্ধঘোষিত চরমপন্থী দলের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এদিকে জামালগঞ্জ থানা-পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, যত্না রানী উপজেলার ফেনারবাক ইউনিয়নের রাজাবাজ গ্রামের শ্রীচরণ তালুকদারের মেয়ে। তিনি জামালগঞ্জ ডিগ্রি কলেজে দ্বিতীয় বর্ষে পড়তেন। মঙ্গলবার রাত ১০টার দিকে খাওয়া-দাওয়ার পর যত্না তাঁর মায়ের সঙ্গে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। ঘরের আরেকটি কক্ষে ছিলেন শ্রীচরণ তালুকদার। রাত তিনটার দিকে তাঁর (শ্রীচরণ) ঘুম ভাঙলে তিনি দেখেন, ওই কক্ষের দরজা খোলা ও মেয়ে ঘরে নেই। এরপর তিনি খোঁজাখুঁজি করে ঘরের পাশের একটি আমগাছের ডালে যত্নার লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে গতকাল বেলা একটার দিকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
থানার এসআই মো. আনোয়ার হোসেন জানান, আমগাছের ডালে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় যত্নার লাশ ঝুলে ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি পরিবারের কেউ বলতে পারছেন না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।