টাঙ্গাইলে এক ব্যক্তিকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল সদর উপজেলার যুগনী গ্রামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইদ্রিস আলী (৪৫)। তিনি সদর উপজেলার খোর্দ যুগনী গ্রামের ইনাম আলীর ছেলে।
টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, গভীর রাতে একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে ইদ্রিসকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল রোববার সকালে স্থানীয় লোকজন ধলেশ্বরী নদীতে তাঁর হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান জানান, গতকাল সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।