টাঙ্গাইলে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কাঠুয়া যোগিনী গ্রামে গতকাল রোববার রাতে গোলাম রব্বানী নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধঘোষিত একটি চরমপন্থী দলের নেতা ছিলেন। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমানের ভাষ্য, গোলাম রব্বানীকে গতকাল রাত ১০টার দিকে মুঠোফোনে ডেকে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর বাড়ি থেকে একটু দূরে তাঁর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তাঁর শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

মোস্তাফিজুর রহমানের দাবি, রব্বানী ওই অঞ্চলের চরমপন্থী দলের নেতা ছিলেন। চরমপন্থী দলের একটি অংশের সঙ্গে তাঁর বিরোধ ছিল। রব্বানীর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। কয়েক বছর আগে র‌্যাবের গুলিতে তিনি আহত হয়েছিলেন।

রব্বানীর স্ত্রী আমেনা বেগম টাঙ্গাইল সদর থানায় মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছে।