টাঙ্গাইলে একজনকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে গত রোববার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, নিহত গোলাম রব্বানী (৩২) চরমপন্থী দলের আঞ্চলিক নেতা ছিলেন।
সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কাঠুয়া যোগিনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রব্বানীর স্ত্রী বাদী হয়ে গতকাল সোমবার টাঙ্গাইল সদর থানায় মামলা করেছেন। গোলাম রব্বানী কাঠুয়া যোগিনী গ্রামের মৃত আমানুল্লাহ মিয়ার ছেলে।
টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, রব্বানীকে রোববার রাত ১০টার দিকে মুঠোফোনে ডেকে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর বাড়ির অদূরে তাঁর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে স্বজনদের কাছে রব্বানীর লাশ হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, চরমপন্থী দলের অপর একটি অংশের সঙ্গে রব্বানীর বিরোধ ছিল। প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করে থাকতে পারে। রব্বানীর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। কয়েক বছর আগে র্যাবের গুলিতে তিনি আহত হয়েছিলেন।