টাঙ্গাইলে একজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে পুলিশ আজ শনিবার এক ব্যক্তিকে আটক করেছে।

নিহত ব্যক্তির নাম ফজলু (৪০)। তিনি উপজেলার কুপাখি গ্রামের বাসিন্দা।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুপাখি গ্রামে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফজলুকে দুর্বৃত্তরা তাঁর বাড়ির সামনেই এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ফজলুর নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে ওসি দাবি করেন। তিনি বলেন, কুপাখি গ্রাম থেকে আবুল বাসক নামের ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।