টাঙ্গাইলে গুলিতে আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় পুলিশের গুলিতে আহত আলমগীর হোসেন (১৯) গত সোমবার রাতে মারা গেছেন। এ নিয়ে গত ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণার পর এবারের ইউপি নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় প্রাণ গেল ১১৭ জনের।
নিহত আলমগীর কালিহাতীর কোকডহরা ইউনিয়নের পোষণা গ্রামের সুরুজ্জামানের ছেলে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. আখেরুজ্জামান বলেন, কোকডহরা ইউনিয়নের পোষণা প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ৪ জুন ভোট গ্রহণ শেষে পরাজিত মেম্বারপ্রার্থী আমীর হোসেনের সমর্থকেরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়লে আলমগীর মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।