টাঙ্গাইলে গুলিবিদ্ধ হয়ে পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার গভীর রাতে তিনি গুলিবিদ্ধ হন। আজ শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত নুরুল ইসলাম সদর থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঢাকার আশুলিয়া থানার গৌরগ্রামে।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুল ইসলাম বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে শহরের পূর্ব আদালতপাড়ায় উলকা নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে ধরতে নুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালান। এ সময় উলকা নিজেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান। একটি গুলি নুরুল ইসলামের পাঁজরে বিদ্ধ হয়।

গুরুতর অবস্থায় নুরুল ইসলামকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে জানিয়ে গোলাম মাহফিজুল ইসলাম আরও বলেন, ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশের অভিযান চলছে। নুরুল ইসলামের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মাদ তানভীর।