টাঙ্গাইলে ছুরিকাঘাতে পল্লি চিকিৎসক নিহত
টাঙ্গাইল সদর উপজেলার কাতুলীতে ডাকাতের ছুরিকাঘাতে ইকবাল হোসেন (৩০) নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত গ্রামবাসী কথিত তিন ডাকাতের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।
নিহত ইকবাল বিকাশের এজেন্ট ছিলেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের গোলচত্বর এলাকায় পাঁচ-ছয়জন ডাকাত ইকবালকে ছুরিকাঘাত করে তাঁর কাছে থাকা নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় লোকজন গতকাল শনিবার সকালে বাবুল নামের একজনকে ধরে পুলিশে দেন। আটক বাবুল এই ডাকাতির ঘটনার কথা স্বীকার করেন। পরে উত্তেজিত গ্রামবাসী মাহমুদপুর ইউনিয়নের বহুলী গ্রামের ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে অপর তিনজন—ইসরাত, রাজ্জাক ও দীপুর বাড়িতে হামলা চালান ও অগ্নিসংযোগ করেন।
টাঙ্গাইল মডেল থানার ওসি নাজমুল হোসেন বলেন, রাতে ইকবাল মোটরসাইকেলে করে কর্মস্থল থেকে আগদিঘুলিয়া গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে পেছন থেকে কয়েকজন ডাকাত তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়। এ সময় ইকবালকে গুরুতর আহতাবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।