টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও তিনজনকে আটক করা হয়েছে। অন্যদিকে সখীপুর থানা-পুলিশ ডাকাত সন্দেহে আরও দুজনকে আটক করেছে। গত রোববার রাতে ঘাটাইলের শোলাকুড়া ও সখীপুরের কচুয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, রাত তিনটার দিকে ঘাটাইল উপজেলার শোলাকুড়া এলাকায় কয়েকজন লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁরা সাগরদীঘি-ভরাডোবা সড়কে একটি মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যানে করে এসে একটি ট্রাক আটকে ডাকাতির চেষ্টা করেন। এ সময় ট্রাকের আরোহীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসেন। একপর্যায়ে জনতা ডাকাত সন্দেহে চারজনকে ধরে গণপিটুনি দেয়। এতে একজন সেখানেই মারা যান। বাকি তিনজনকে পুলিশে সোপর্দ করে তারা। নিহত বিপ্লব (৩৫) খুলনার মহিউদ্দিনের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন, কালিহাতী উপজেলার বীল দেওলি এলাকার দেলোয়ার হোসেন, ঢাকার মোহাম্মদপুর বিহারিপল্লির সুমন কুমার, চাঁদপুরের শাহরাস্তির নাহিদ হোসেন। ঘটনাস্থল থেকে মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সাগরদীঘি পুলিশ ফাঁড়ির এসআই কবির উদ্দিন বলেন, গণপিটুনির সময় পিকআপ ভ্যানে করে অন্য ডাকাতেরা সখীপুরের দিকে পালিয়ে যান। সখীপুর থানা-পুলিশের একটি দল পিকআপের পিছু নিলে সেটি ফেলে ডাকাতেরা দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ উপজেলার কচুয়া বাজার থেকে সন্দেহভাজন দুই ডাকাতকে আটক করে থানায় নিয়ে যায়।