টাঙ্গাইলে তাঁতী লীগ নেতাকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান (বাপ্পা) টাঙ্গাইল জেলা তাঁতী লীগের আহ্বায়ক সোলায়মান হাসানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল শনিবার টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সানিয়াত খান আওয়ামী লীগের সাংসদ আমানুর রহমান খানের (রানা) ছোট ভাই।
তাঁতী লীগের নেতা সোলায়মান হাসান প্রথম আলোকে জানান, গত মঙ্গলবার রাতে সানিয়াত খান তাঁকে ফোন করেন। আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের হত্যার বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ায় তাঁকে হত্যার হুমকি দেন সানিয়াত। এ ঘটনায় পরদিন তিনি (সোলায়মান) টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হুমকির প্রতিবাদে জেলা তাঁতী লীগের উদ্যোগে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামসুজ্জামান পাশা, ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি মাহমুদুল হাসান, সদর উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, টাঙ্গাইল শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সরকারি এম এম আলী কলেজ ছাত্রলীগের সভাপতি সফিউল আলম, সাবেক ছাত্রনেতা সুজয় দেব, এম এ তারেক প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশ থেকে সাংসদ আমানুর ও তাঁর ভাইদের টাঙ্গাইলে প্রতিরোধ করার ঘোষণা দিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়টি তদন্তে বের হয়ে আসার পর আমানুর ও তাঁর ভাইয়েরা আত্মগোপনে চলে যান। এর পর থেকে হত্যার বিচারের দাবিতে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছেন। বক্তারা আমানুর ও তাঁর ভাইদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।