ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান (বাপ্পা) টাঙ্গাইল জেলা তাঁতী লীগের আহ্বায়ক সোলায়মান হাসানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল শনিবার টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সানিয়াত খান আওয়ামী লীগের সাংসদ আমানুর রহমান খানের (রানা) ছোট ভাই।
তাঁতী লীগের নেতা সোলায়মান হাসান জানান, মঙ্গলবার রাতে সানিয়াত তাঁকে ফোন করেন। আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যার বিচারের দাবিতে কর্মসূচিতে অংশ নেওয়ায় তাঁকে হত্যার হুমকি দেন সানিয়াত। এ ঘটনায় পরদিন তিনি (সোলায়মান) টাঙ্গাইল সদর থানায় জিডি করেছেন।
হুমকির প্রতিবাদে জেলা তাঁতী লীগের উদ্যোগে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামসুজ্জামান পাশা, ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি মাহমুদুল হাসান, সদর উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, টাঙ্গাইল শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সরকারি এম এম আলী কলেজ ছাত্রলীগের সভাপতি সফিউল আলম, সাবেক ছাত্রনেতা সুজয় দেব, এম এ তারেক প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম প্রমুখ।