টাঙ্গাইলে দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শওকত রেজা এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।
গত বুধবার গভীর রাতে টাঙ্গাইলের ভূঞাপুর থানায় মামলাটি দায়ের করেন ভূঞাপুর উপজেলার খানুরবাড়ি গ্রামের ট্রাকচালক বাবুল হোসেন।
মামলার বাদী বাবুল হোসেন অভিযোগ করেছেন, যমুনা নদীর বালুর ঘাট থেকে ট্রাকে বালু নিয়ে যাওয়ার সময় গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে তিনি ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছেন। এ সময় টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ভূঞাপুর উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ফিরোজ চৌধুরীর নির্দেশে ২০-২৫ জন তাঁর কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় বাবুল হোসেনের মানিব্যাগ এবং ট্রাকের চাবি তারা নিয়ে যায়। পরে তিনি রাত ১২টার দিকে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ সূত্র জানায়, ভূঞাপুরের বালুর ঘাট থেকে আসা প্রতিটি ট্রাক থেকে প্রতি ট্রিপে ২০০ টাকা করে চাঁদা আদায় করা হয় ট্রাক মালিক সমিতির নামে। সম্প্রতি ওই চাঁদার পরিমাণ বাড়িয়ে ৩০০ টাকা করা হয়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর কবীর জানান, আসামিদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হচ্ছে।