টাঙ্গাইলে দুই সহোদর নব্য জেএমবির সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক দুই ভাই নুরুল হুদা ও মাজহারুল ইসলাম। মঙ্গলবার সকালে তাঁদের বাড়ি থেকে র‌্যাব কার্যালয়ে নেওয়ার সময় ছবিটি তোলা। ছবি: প্রথম আলো
আটক দুই ভাই নুরুল হুদা ও মাজহারুল ইসলাম। মঙ্গলবার সকালে তাঁদের বাড়ি থেকে র‌্যাব কার্যালয়ে নেওয়ার সময় ছবিটি তোলা। ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের কালিহাতীতে এক বাড়িতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রাতভর অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি ড্রোন, দেশীয় অস্ত্র ও কিছু ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, তাঁরা দুজন নব্য জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের সদস্য।

গ্রেপ্তার দুই ভাই হলেন, কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার মসিন্দা গ্রামের নুরুল হুদা মাসুম (৩৪) ও মাজহারুল ইসলাম খোকন (২৮)। তাঁদের কাছ থেকেই ঢাকার মিরপুর মাজার রোডের জঙ্গি আস্তানার তথ্য পেয়ে সেখানে অভিযান শুরু করে র‌্যাব।

র‌্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাশ জানান, জঙ্গি আস্তানা এবং নব্য জেএমবির একদল সদস্য রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে দুই ভাইকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ঢাকার মিরপুরে জঙ্গি আস্তানার খবর পাওয়া যায়। পরে রাতভর ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ড্রোন, কয়েকটি চাপাতি, কিছু ইলেকট্রনিক ডিভাইস, জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তাঁদের বাবা সৈয়দ আবুল হাসান চিশতি তরিকত লাইনের একজন পীর ছিলেন। তিন বছর আগে তিনি মারা যান।

অভিযান চলাকালে র‌্যাব-১২-এর কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। ।

বাড়ি থেকে উদ্ধার হওয়া ড্রোন, দেশীয় অস্ত্র ও ইলেকট্রনিক ডিভাইস। ছবি: প্রথম আলো
বাড়ি থেকে উদ্ধার হওয়া ড্রোন, দেশীয় অস্ত্র ও ইলেকট্রনিক ডিভাইস। ছবি: প্রথম আলো

গ্রেপ্তার হওয়া নুরুল হক মাসুম মাদ্রাসায় লেখাপড়া করতেন। পরে মালয়েশিয়ায় চলে যায়। তিন বছর আগে মালয়েশিয়া থেকে ফিরে আসেন। এরপর দেড় বছর তিনি নিখোঁজ ছিলেন। পরে বাড়িতেই মুরগির খামার ও ওষুধের ব্যবসা শুরু করেন। নুরুল হকের নানাবাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। তিনি নিজেও ঘাটাইলে বিয়ে করেছেন।

ছোট ভাই মাজহারুল ইসলাম খোকন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল প্রকৌশল বিভাগে বিএসসি পাস করেন। বর্তমানে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে কম্পিউটারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। খোকন মেহেরপুরে তাঁর বাবার এক মুরিদের মেয়েকে বিয়ে করেছেন। তিনি প্রযুক্তিতে অনেক দক্ষ।

প্রতিবেশী ফল ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, মাসুম ও খোকন এলাকার মানুষের সঙ্গে খুব কম মেলামেশা করতেন। তাঁদের ঘরে মধ্যরাত পর্যন্ত বাতি জ্বালানো থাকত।

এ ঘটনায় কালিহাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাব জানিয়েছে।