টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর দুই শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের এক দিন পর দুই শিশুর লাশ পাওয়া গেল তাদের নানার বাড়ির পাশের ডোবায়। টাঙ্গাইল শহরের দেওলা এলাকায় নানাবাড়িতে এসে গত মঙ্গলবার নিখোঁজ হয় শিশু আমানুল্লাহ সৈকত (১১) এবং তার খালাতো ভাই নাহিন আল নুর (১০)।

তাদের নানা নুরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁর দুই নাতি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাদের পাওয়া যায় না। পরে তিনি বাদী হয়ে মঙ্গলবার টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ বুধবার বেলা একটার দিকে নুরুল ইসলামের বাড়ির অদূরে একটি ডোবায় এলাকার শিশুরা গোসল করতে গিয়ে দুটি লাশ ভাসতে দেখে। পরে নুরুল ইসলামের বাড়ির লোকজন গিয়ে তাদের শনাক্ত করেন।
টাঙ্গাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তিনি জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ দুপুরে দেওলায় নিহত দুই শিশুর নানার বাড়ি গিয়ে দেখা যায়, শুধু ওই বাড়ি নয়, পুরো এলাকাতেই শোকের ছায়া। এলাকার লোকজন শিশুদের নানা-নানি এবং মায়েদের সান্ত্বনা দিচ্ছেন। পরিবারের কোনো অভিযোগ নেই কারও বিরুদ্ধে। সৈকতের মা সাথী বেগম বিলাপ করে বলছিলেন, তাঁদের কোনো শত্রু নেই। তাই এই মৃত্যুর জন্য কারও প্রতি কোনো সন্দেহ নেই।
নিহত আমানুল্লাহ সৈকত চতুর্থ শ্রেণির ছাত্র। তার বাবা আতাউল্লাহর বাড়ি কালিহাতী উপজেলার পারকিতে। তিনি সখীপুর উপজেলা সদরে ব্যবসা করেন। নাহিন আল নুরের বাবা শাহীনুর রহমানের বাড়ি ঘাটাইল উপজেলার জোরদিঘী গ্রামে। তিনি বান্দরবানে বন বিভাগে বিট কর্মকর্তা।
নাহিনের বাবা শাহীনুর রহমান জানান, স্কুল গ্রীষ্মের ছুটি হওয়ায় নাহিনকে তাঁর নানা বান্দরবান থেকে টাঙ্গাইল নিয়ে এসেছিলেন। বুধবার তাঁদের বান্দরবান ফিরে যাওয়ার কথা ছিল।