টাঙ্গাইলে পৌরমেয়রের বাসা থেকে ২৭ জন আটক
আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খানের (মুক্তি) বাসা থেকে ২৭ জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার দুপুর থেকে ডিবি পুলিশের একটি দল জেলা শহরের কলেজপাড়া এলাকায় সহিদুরের বাসায় তল্লাশি অভিযান চালাচ্ছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, আট মাস আত্মগোপনে থাকার পর সহিদুর রহমান খান গতকাল বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলে ফেরেন। গোয়েন্দা পুলিশ আজ দুপুরেই কলেজপাড়ায় তাঁর বাসভবন ঘেরাও করে অভিযানে নামে। বাসার নিচ তলায় তল্লাশির সময় ২৭ জনকে আটক করা হয়।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফীজুর রহমান আটকের এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খানকে প্রতিরোধের ডাক দিয়ে স্থানীয় লোকজন গতকাল শহরে লাঠিমিছিল ও সমাবেশ করে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার রাজা ও মোহাম্মদ আলী আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই হত্যাকাণ্ডে সাংসদ আমানুর ও তাঁর তিন ভাই জড়িত বলে উল্লেখ করেন। অন্য দুজন হলেন ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাকন) ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান (বাপ্পা)। তারপর থেকে আমানুর ও তাঁর ভাইয়েরা আত্মগোপন করেন।
গত রোববার আমানুর ও সহিদুর হাইকোর্টে হাজির হয়ে ফারুক হত্যা মামলায় আগাম জামিনের আবেদন করেন। বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ শুনানি শেষে গত মঙ্গলবার আমানুর ও সহিদুরকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এ সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার বা হয়রানি না করতেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়। তারপরই তাঁরা টাঙ্গাইলে ফিরে আসছেন বলে প্রচার হয়। আমানুরের নির্বাচনী এলাকা ঘাটাইল ও টাঙ্গাইল শহরে তাঁদের সমর্থকেরা প্রস্তুতি নিতে থাকেন তাঁদের অভ্যর্থনা জানাতে। মঙ্গলবার রাতেই টাঙ্গাইলে ফারুক হত্যার বিচারের দাবিতে মিছিল বের হয়। সেই মিছিল থেকে সাংসদের কয়েকজন সমর্থককে লাঞ্ছিত করা হয়।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে ফারুক আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল থানায় মামলা করেন। প্রথমে মামলাটি টাঙ্গাইল মডেল থানার পুলিশ তদন্ত করলেও পরবর্তী সময়ে এর তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়।