টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী মাসুম আহমেদ গতকাল রোববার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) শিক্ষার্থীরা সোসাইটি অব বিটেক স্টুডেন্টস কমিটি গঠনের উদ্যোগ নেন। এ নিয়ে শনিবার দুপুরে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রথম বর্ষের শিক্ষার্থী মাসুম আহমেদ এবং আশরাফুল ইসলাম আহত হন। এ সময় স্থানীয় ব্যক্তিরা আহত দুজনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে আশরাফুলকে ভর্তি করা হলেও গুরুতর আহত মাসুমকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত মাসুম কালিহাতী উপজেলার কোকডহড়া গ্রামের হজরত আলীর ছেলে। এ ঘটনায় আহত আশরাফুলের বাবা বাদশা মিয়া বাদী হয়ে শনিবার রাতে ১৩ জনের নাম উল্লেখ করে কালিহাতী থানায় মামলা করেছেন।