টাঙ্গাইলে বাসে ধর্ষণের শিকার নারী ভাইয়ের হেফাজতে, সুপারভাইজার আটক

টাঙ্গাইলে বাসে ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী বাসযাত্রীকে তাঁর ভাইয়ের হেফাজতে দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালত এ নির্দেশ দেন।
আজ ভোরে ওই বাসের সুপারভাইজার এরশাদকে (৪০) গ্রেপ্তার করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ। কালিহাতী উপজেলার বেনুকুর্শা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরশাদকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আজ দুপুরে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালত মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।
এই প্রতিবন্ধী নারী গত বৃহস্পতিবার বাসে ধর্ষণের শিকার হন। বাসের শ্রমিকেরা তাঁকে ধর্ষণ করেন বলে ওই নারী অভিযোগ করেন।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, টাঙ্গাইল কারাগারে নিরাপত্তা হেফাজতে থাকা মানসিক প্রতিবন্ধী ওই নারীর ভাই তাঁর বোনকে নিজ হেফাজতে নেওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করেন। শুনানি শেষে তাঁকে ভাইয়ের হেফাজতে দেওয়ার আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আশিকুজ্জামান।
আদালতে ভাইকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই নারী। ঢাকার একটি হাউজিং কোম্পানিতে নিরাপত্তা প্রহরী ওই নারীর ভাই জানান, তিনি তাঁর বোনকে নিরাপত্তা হেফাজত থেকে নিজেদের হেফাজতে পেয়ে অত্যন্ত খুশি। একই সঙ্গে বোনের ধর্ষকদের উপযুক্ত শাস্তির জন্য তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানান। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এ সময় তাঁর ভগ্নিপতিও আদালতে উপস্থিত ছিলেন।
পরে প্রতিবন্ধী ওই নারী তার ভাই ও বড় ভগ্নিপতির সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা দেন। দুই-এক দিন ঢাকায় রেখে তাঁকে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তাঁদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে তাঁর ভাই জানান।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে টহলরত পুলিশ ওই এলাকার নৈশপ্রহরী মাধ্যমে জানতে পারে যে, বাসস্ট্যান্ডে একটি বাসের ভেতর নারীর কান্না শোনা যাচ্ছে। এ খবর পেয়ে ওই টহল পুলিশ বাসটিতে গিয়ে প্রতিবন্ধী এক নারীকে উদ্ধার করে। এ সময় ওই নারী ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশকে জানায়। পরে পুলিশ ওই বাসের চালকের সহকারী নাজমুলকে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন (শুক্রবার) উপপরিদর্শক নুরে আলম বাদী হয়ে বাসের চালক আলম খন্দকার ও আটক নাজমুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলায় চালক আলম খন্দকারের বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণ এবং সহকারী নাজমুলের বিরুদ্ধে ধর্ষণে সহায়তা করার অভিযোগ আনা হয়। নাজমুলের জবানবন্দিতে আজ গ্রেপ্তার হওয়া এরশাদের জড়িত থাকার বিষয়টি উঠে আসে।
শুক্রবার সন্ধ্যায় নাজমুলকে ওই মামলায় টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। এ সময় তিনি ঘটনার বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন। সিনিয়র বিচারিক হাকিম মো. আশিকুজ্জামান জবানবন্দি লিপিবদ্ধ শেষে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। জবানবন্দিতে নাজমুল জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টার পর ওই নারী টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল থেকে বঙ্গবন্ধু সেতুগামী বাসটিতে ওঠেন। পথিমধ্যে বিভিন্ন স্থানে অন্য সব যাত্রী নেমে যায়। সেতুর পূর্ব প্রান্তের বাসস্ট্যান্ডে পৌঁছার পর ওই নারীকে একা পেয়ে চালক আলম খন্দকার ধর্ষণ করেন। এ সময় নাজমুল বাসের দরজায় দাঁড়িয়ে থেকে পাহারা দেন।
শনিবার ধর্ষণের শিকার ওই নারীকে আদালতে হাজির করে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর আবেদন করা হয়। আদালত তাঁকে গাজীপুরের পুবাইলে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। পরে তাঁর ভাই খবর পেয়ে বোনকে নিজ হেফাজতে নেওয়ার উদ্যোগ নেন।
আরও পড়ুন: