টাঙ্গাইলে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে তাঁর লাশ টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া এলাকায় নদী থেকে উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম হারুন খান (৩০)। তিনি পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের খোরশিলা গ্রামের সামাদ খানের ছেলে।

টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, শনিবার সকালে ঘারিন্দা ইউনিয়নের তারুটিয়ায় নদীতে লাশ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। পরে নিহত ব্যক্তির স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। সেখানে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। নিহত হারুনের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান।

হারুনের বাবা সামাদ খান বলেন, জমি-সংক্রান্ত বিষয় নিয়ে এলাকার কিছু লোকের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। তাদের হুমকির কারণে হারুন প্রায় দুই বছর ধরে গ্রাম ছেড়ে টাঙ্গাইলের সুরুজ এলাকায় বসবাস করতেন।

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।