টাঙ্গাইলে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে ডাকাত' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তফা কামাল (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাব বলেছে, ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিলেন। ঘটনাস্থল থেকে আরও ১০ জন ডাকাতকে গ্রেপ্তার এবং পিস্তলসহ কিছু অস্ত্র ও ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে টাঙ্গাইল সদর উপজেলার মাগুড়াটা গ্রামে এ ঘটনা ঘটে। র‍্যাবের ভাষ্য, নিহত ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল, কালিহাতী, নাগরপুর এবং জামালপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

র‌্যাব-১২-এর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের মাগুড়াটা গ্রামের জনৈক অর্জুন চন্দ্রের বাড়িতে একদল ডাকাত ভোরে ডাকাতি করতে যায়। এ সময় র‌্যাব সদস্যরা বাড়িটি ঘেরাও করে ফেলেন। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় মোস্তফা গুলিবিদ্ধ হয়ে মারা যায়।