টাঙ্গাইলে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
টাঙ্গাইলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নূরন্নবী ওরফে মুন্সী (২০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শহরের বাইপাসের সড়কের দরুন এলাকায় গত সোমবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নূরন্নবী ছিনতাইকারী ছিলেন বলে জানিয়েছে র্যাব।
নূরন্নবী টাঙ্গাইল শহরের থানাপাড়া এলাকার পাকু শেখের ছেলে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি চাপাতি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীর ভাষ্য অনুযায়ী, সিরাজগঞ্জ থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে দুর্বৃত্তদের পালানোর সংবাদ পেয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের এলেঙ্গা, আশেকপুরসহ বেশ কয়েকটি জায়গায় চেকপোস্ট বসানো হয়। এলেঙ্গায় তিন আরোহীর একটি দ্রুতগামী মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে টাঙ্গাইল শহরে বাইপাস সড়কের দরুন এলাকায় দুর্বৃত্তরা র্যাব সদস্যদের লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে মোটরসাইকেলসহ তিন ছিনতাইকারী পড়ে যান। এ সময় তাঁদের একজন নিহত হন। তবে অন্য দুজন পালিয়ে যান।
মহিউদ্দিন ফারুকী জানান, নিহত নূরন্নবীর বিরুদ্ধে টাঙ্গাইল, গাজীপুর, জামালপুরসহ বেশ কয়েকটি জেলার বিভিন্ন থানায় একাধিক হত্যা, তিনটি ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত আসামি ছিলেন। তাঁর লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি মামলা হয়েছে।