টাঙ্গাইলে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ৩
টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের ওমরপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। র্যাব বলছে, নিহত ব্যক্তিরা নিষিদ্ধ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ওমর (৩০), ঢালানগোপালপুর গ্রামের কাশেম (২৫) এবং খোর্দজুগনি গ্রামের সাদ্দাম (২৬)। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, সাতটি গুলিসহ দুটি ম্যাগাজিন ও একটি বন্দুক উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১২ এর তিন নম্বর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্যদের ঘেরাও করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে তাঁরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে তিনজন আহত হয়। তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিদের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।