টাঙ্গাইলের দেলদুয়ারে মসজিদের সম্পত্তি নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও তিনজনকে টাঙ্গাইল মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার গজিয়াবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া জানান, স্থানীয় একটি মসজিদের জায়গা নিয়ে গজিয়াবাড়ি গ্রামের সঙ্গে পাশের হিঙ্গানগর চরপাড়া গ্রামের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এ বিরোধের জের ধরে গতকাল সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মোশারফ মিয়া (১৭) নামের এক কিশোর নিহত হয়। আহত হয় আরও অন্তত ২০ জন।
ওসি আরও জানান, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আবদুল হক, বান্দু মিয়া ও মজিবরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে নিহত মোশারফের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। এদিকে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।