টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রী পৌরসভার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৈশাখী মেলা থেকে গত বৃহস্পতিবার রাতে আত্মীয়র বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার ঘাটাইল থানায় ১১ জনকে আসামি করে মামলা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে রোববার রাতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রতনপুর গ্রামের ১০ জনকে আটক করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, একজন ভ্যানচালকের ওই মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (১৩)। সে বৃহস্পতিবার রতনপুর গ্রামে বৈশাখী মেলায় যায়। মেলা থেকে রাত নয়টার দিকে একই গ্রামে তার এক আত্মীয়র বাড়ি ফিরছিল। একপর‌্যায়ে ১০-১২ জনের একটি দল তাকে রতনপুর ঈদগাহ মাঠ থেকে টেনেহিঁচড়ে পাশের মরাখালে নিয়ে যায়। পরে সেখানে সে গণধর্ষণের শিকার হয়।
মেয়েটি গতকাল প্রথম আলোকে জানায়, পরে সে তার এক বান্ধবীর বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে মুঠোফোনে বাবা-মাকে বিষয়টি জানায়। পরে বাবা-মা তাকে বাড়ি নিয়ে আসেন। তার মা বলেন, ‘লোকলজ্জার ভয়ে আমরা বুঝতে পারছিলাম না কী করব। তাই মামলা করতে দেরি হয়ে যায়।’
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্ষণের ওই ঘটনায় রোববার রাতে রতনপুর গ্রামের চকপাড়া এলাকায় সালিস বসে। খবর পেয়ে র‌্যাব-১২ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সেখান থেকে ১০ জনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন রতনপুর গ্রামের আজহারুল ইসলাম, মো. সবুজ, শরিফুল ইসলাম, রেজাউল বাপ্পী, সিরাজুল শুভ, হারুন অর রশিদ, মো. আরিফ হোসেন, মাসুম মিয়া, জাহাঙ্গীর আলম ও জিহাদ হোসেন। তাঁরা সবাই মামলার আসামি। এ ছাড়া একই গ্রামের আরেক আসামি বেলাল হোসেন পলাতক।
ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাকসুদুল আলম জানান, গতকাল টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের কনসালট্যান্ট লিংকু রানী করের নেতৃত্বে চার সদস্যের মেডিকেল বোর্ড মেয়েটির ডাক্তারি পরীক্ষা করে। এরপর তাকে আদালতে নেওয়া হয়। টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ নাজমুন নাহার মেয়েটির জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়। এ ছাড়া গ্রেপ্তার হওয়া ১০ জনকে আদালতের মাধ্যমে পাঠানো হয় টাঙ্গাইল কারাগারে।
র‌্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, আটক সবাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।