ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের শিক্ষার্থীদের হামলায় শেরপুর সরকারি কলেজের এক শিক্ষকসহ ১৯ জন খেলোয়াড় আহত হয়েছেন। গত রোববার ওই কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে ও খেলায় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ মঙ্গলবার শেরপুর সরকারি কলেজে মানববন্ধনের ডাক দিয়েছে কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এদিকে হামলায় আহত ব্যক্তিদের মধ্যে মেহেদী হাসান (১৮) ও জাকির হোসেন (১৭) নামের দুই খেলোয়াড়কে টাঙ্গাইলের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া শরীরচর্চা শিক্ষক মঞ্জুরুল হক, খেলোয়াড় মারুফ হাসান, ফাহিম ফয়সাল, আবদুল্লাহ আল হাসান ও অন্যরা টাঙ্গাইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শেরপুর সরকারি কলেজ সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে এম এম আলী কলেজ মাঠে ঢাকা শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত আন্তকলেজ ক্রিকেট প্রতিযোগিতার টাঙ্গাইল অঞ্চলের চূড়ান্ত খেলা এম এম আলী কলেজ ও শেরপুর সরকারি কলেজ দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলাটি টাই হওয়া সত্ত্বেও খেলা পরিচালনা কমিটি এম এম আলী কলেজকে জয়ী ঘোষণা করে। বিষয়টি শেরপুরের কলেজের শিক্ষক মঞ্জুরুল হক কলেজের অধ্যক্ষ ও ঢাকা বোর্ড কর্তৃপক্ষকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে এম এম আলী কলেজের শিক্ষার্থীরা গত রোববার বিকেলে কলেজ ক্যাম্পাসের সামনে শেরপুরে কলেজের শিক্ষক ও খেলোয়াড়দের ওপর হামলা চালান। এ ঘটনায় শেরপুরের কলেজের শিক্ষক মঞ্জুরুল হক টাঙ্গাইল সদর মডেল থানায় গত রোববার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে, এম এম আলী কলেজের অধ্যক্ষ হিমাংশু কুমার আচার্য্য বলেন, ‘ক্রিকেট ম্যাচ শেষ হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সবাই খেলার মাঠ ত্যাগ করে। পরে রাস্তায় হামলার ঘটনা ঘটে। শেরপুর কলেজের কেউ আমাদের এ বিষয়ে কিছু জানায়নি। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম রিয়াজুল হাসান বলেন, বোর্ড কর্তৃপক্ষকে এম এম আলী কলেজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ও খেলার মাঠে প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করতে হবে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ওসি মো. নাজমুল হক ভূইয়া বলেন, ‘এ ঘটনায় থানায় জিডি হয়েছে। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছি। তবে এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।’