টাঙ্গাইলে 'জঙ্গি'দের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকা থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ভাইকে অস্ত্র সরবরাহকারী মো. বোরহান উদ্দিন ওরফে রাজিব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা।
গতকাল রোববার গভীর রাতে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, তিনটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। রাজিব উপজেলার এলেঙ্গা চিনামুড়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব-১২ এর তিন নম্বর কোম্পানি কমান্ডার বীণা রানী দাশ জানান, এলেঙ্গা থেকে সম্প্রতি গ্রেপ্তারকৃত দুই ‘জঙ্গি’ সৈয়দ নুরুল হুদা মাসুম ও সৈয়দ মাজহারুল ইসলাম খোকন জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়, তারা রাজিব নামের ওই সন্ত্রাসীর কাছ থেকে দেশীয় অস্ত্রগুলো কিনেছে। এরই সূত্রধরে রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বোরহান উদ্দিন ওরফে রাজিবকে অস্ত্রসহ আটক করা হয়। রাজিবের বিরুদ্ধে টাঙ্গাইল সদর, কালিহাতী, টঙ্গী ও জয়দেবপুর থানায় অস্ত্র, মাদক ও বিস্ফোরক আইনে সাতটি মামলা রয়েছে।
রাজিব জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ওই দুই ভাইকে অস্ত্র সরবরাহের বিষয়টি জানিয়েছে।
আরও পড়ুন...
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার দুই ভাই রিমান্ডে