টাঙ্গাইলে 'বন্দুকযুদ্ধে' ইউপি সদস্যসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মইষা গ্রামে গতকাল বুধবার ভোরে র্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ দুজন নিহত হয়েছে। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন র্যাবের এক কর্মকর্তাসহ চারজন। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে র্যাব কর্মকর্তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। আর টাঙ্গাইল মেডিকেলে র্যাবের পাহারায় গুলিবিদ্ধ তিনজনের চিকিৎসা চলছে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বাঘিল ইউপির সদস্য আকবর হোসেন (৪৫) ও মইষা গ্রামের বাসিন্দা মনু মিয়া (৩৫)। নিহত দুজন ও টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসাধীন গুলিবিদ্ধ তিনজন চরমপন্থী দলের সদস্য বলে র্যাব জানায়।
র্যাব-১২-এর তিন নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী প্রথম আলোকে বলেন, চরমপন্থী দলের সদস্যরা মইষা গ্রামে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে গতকাল ভোর চারটার দিকে র্যাবের সদস্যরা সেখানে অভিযান চালান। র্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থী দলের সদস্যরা একজনের বাড়িতে অবস্থান নেন। র্যাব ওই বাড়িতে পৌঁছালে চরমপন্থীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। র্যাব পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই চরমপন্থী দলের আকবর ও মনু নিহত হন। গুলিবিদ্ধ হন চরমপন্থী দলের চান মিয়া (৩৫), রায়হান মিয়া (৪০) ও ফরিদ হোসেন (৩৪) নামের তিনজন। চরমপন্থীদের ছোড়া গুলিতে আহত হন র্যাবের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ানশুটার ও দুটি গুলি উদ্ধার করা হয়।
গতকাল সকাল ১০টার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি টিনশেডের বাড়ি ঘিরে উৎসুক মানুষের ভিড়। ওই বাড়ির টিন গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে। বাড়িটি শাহাদত হোসেন নামের এক ব্যক্তির। র্যাব জানায়, চরমপন্থী দলের সদস্যরা শাহাদতকে ভয়ভীতি দেখিয়ে ওই বাড়িতে অবস্থান নিয়েছিলেন।
গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে নিহত আকবর ও মনুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার ব্যাপারে স্বজনদের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আকবরের বাড়ি বাঘিল ইউনিয়নে। তাঁর বড় ভাই মো. ইকবালও চরমপন্থী দলের সদস্য ও বাঘিল ইউপির সদস্য ছিলেন। প্রায় তিন বছর আগে প্রতিপক্ষের হামলায় ইকবাল নিহত হন।
র্যাব জানায়, নিহত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা আছে। মামলাগুলোর খোঁজ নেওয়া হচ্ছে। গতকালের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।