টাঙ্গাইলে 'বন্দুকযুদ্ধে' তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিষিদ্ধঘোষিত সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির তিন সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইল সদরের বাঘিল ইউনিয়নের খোর্দ্দ যুগনী গ্রামের আবদুর রহিমের ছেলে সাদ্দাম হোসেন (৩০), একই ইউনিয়নের দোহাজানী গ্রামের মহর আলীর ছেলে ওমর আলী (৩৪) এবং হুগড়া ইউনিয়নের বেগুনটাল গ্রামের রবিউল্লাহর ছেলে আবুল কাশেম (৩৫)।
র‍্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির সদস্যরা টাঙ্গাইল সদরের ওমরপুরের একটি বাড়িতে গোপন বৈঠক করছেন বলে সংবাদ পায় র‍্যাব। এমন খবরের ভিত্তিতে র‍্যাবের একটি দল গতকাল ভোর চারটার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ওই চরমপন্থীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।