টাঙ্গুয়ার হাওরে পুলিশ-জেলে সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরতে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে স্থানীয় জেলেদের সংঘর্ষ হয়েছে। এতে এক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। আজ রোববার বিকেল পাঁচটার দিকে এই সংঘর্ষের সময় পুলিশ ১৯টি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। 

আজ রাত আটটার দিকে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ঘটনাটি হাওরের মধ্যনগর থানা এলাকায় ঘটেছে। তাঁরা আটক তিনজনকে মধ্যনগর থানায় পাঠিয়ে দিয়েছেন। সেখানেই তাঁদের বিরুদ্ধে মামলা হবে। আটক ব্যক্তিরা হলেন: রূপনগর গ্রামের সাইফুল ইসলাম (২৭), মাঈনুদ্দিন (৩৫) ও রুবেল মিয়া (২৩)।
আন্তর্জাতিকভাবে ‘রামসার সাইট’ হিসেবে ঘোষিত টাঙ্গুয়ার হাওর ২০০৩ সাল থেকে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্বের ১৬০টি দেশের এক হাজার ৯৭০টি প্রাকৃতিক জলাভূমি ‘রামসার এলাকা’ হিসেবে চিহ্নিত। ১৯৭২ সালে ইরানের রামসার শহরে একটি সম্মেলনের পর বিভিন্ন দেশ এ চুক্তিতে সই করে। যার লক্ষ্য জীববৈচিত্র্যপূর্ণ জলাভূমি রক্ষা করা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরের বেরবেরিয়া বিলে রোববার বিকেলে ১৫ থেকে ২০ জন জেলে অবৈধভাবে মাছ ধরছিলেন। খবর পেয়ে হাওরে দায়িত্বরত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন একটি ইঞ্জিনচালিত নৌকায় পুলিশসহ সেখানে যান। পুলিশ জেলেদের ধাওয়া দিলে জেলেরা বিলের পাশের রূপনগর গ্রামে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরই ওই গ্রাম থেকে সংগঠিত হয়ে জেলেরা ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। জেলেদের ইট-পাটকেলের আঘাতে জামাল উদ্দিন নামে এক পুলিশ সদস্য আহত হন। নাম প্রকাশ না করার শর্তে রূপনগর গ্রামের একজন বাসিন্দা জানিয়েছেন, পাল্টাপাল্টি ধাওয়ার সময় গ্রামের চার জেলেও আহত হয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন বলেন, অবৈধভাবে মাছ ধরতে বাধা দেওয়ার কারণেই জেলেরা সংঘটিত হয়ে এই হামলা চালিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৯টি ফাঁকা গুলি ছুড়েছে।