টানা অবরোধে ক্ষতির মুখে চাষি ও ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ ও হরতালে যশোরের সবজি, ফুলচাষি ও মাছের রেণু-পোনার ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।

যশোরের উৎপাদিত সবজি, ফুল ও মাছের রেণু-পোনা এ অঞ্চলের চাহিদা মিটিয়ে বিভিন্ন এলাকায় পাঠানো হয়। কিন্তু ২১ দিনের টানা অবরোধে যানবাহন ঠিকমতো না পাওয়ায় তা অন্য এলাকায় পাঠানো যাচ্ছে না। এতে চাষি ও ব্যবসায়ী উভয়কেই লোকসান গুনতে হচ্ছে।

সবজিচাষি ও ব্যবসায়ীরা হতাশ: সদর উপজেলার বারীনগর বাজার থেকে এখন প্রতিদিন ৫ থেকে ১০ ট্রাক সবজি বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। কিন্তু অবরোধের আগে যেত ৪০ থেকে ৫০ ট্রাক। এ অবস্থায় ন্যায্য দাম না পেয়ে অনেক কৃষক সবজিখেত ভেঙে দিচ্ছেন।

বারীনগর পাইকারি সবজির হাটের ইজারাদার ফরিদুল ইসলাম জানান, সবজি পাঠানোর জন্য ট্রাক পাওয়া যাচ্ছে না। পেলেও ভাড়া দ্বিগুণ। তাই ব্যাপারীরা বেশি দামে সবজি কিনছেন না। কৃষকেরা উপায় না পেয়ে ক্ষতিতে সবজি বিক্রি করছেন। গত শনিবার বারীনগর বাজারে প্রতি কেজি বেগুন ১৩-১৪, শিম ৪-৫ টাকা, বাঁধাকপি প্রতিটি ৫-৬ টাকা, ফুলকপি ৪-৫ টাকায় বেচাকেনা হয়।

কৃষক হাসান আলী বলেন, ‘ভাই, কৃষক আর বাচপেন না। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার জীবন যায়। আমাগের অবস্থা এখন তাই।’

ফুলচাষিদের দুই কোটি টাকার ক্ষতি: যশোরের ঝিরকগাছার গদখালী এলাকার কৃষক আকবর আলী জানান, এ মাসে ২৪ দিনে ৫১ শতক জমি থেকে মাত্র ৩ হাজার টাকার গোলাপ বিক্রি হয়েছে। গত বছর এ সময়ে বিক্রি হয়েছিল ৬২ হাজার টাকা। জানুয়ারি-ফেব্রুয়ারি মাস হচ্ছে ফুলের ভরা মৌসুম। এই দুই মাসের লাভের টাকা দিয়েই সারা বছরের উৎপাদন খরচ চলে। এভাবে চলতে থাকলে ফুলচাষিদের পথে বসতে হবে। দেশের অন্যতম বৃহৎ পাইকারি ফুলের মোকাম গদখালীতে গত শনিবার গোলাপ ও রজনীগন্ধা (ভুট্টা) প্রতিটি ১ থেকে দেড় টাকা, গ্লাডিওলাস ৩ থেকে ৭, জারবেরা ৮ থেকে ১০ এবং প্রতি হাজার গাঁদা ২০০ থেকে ৩০০ টাকায় বেচাকেনা হয়।

গদখালীফুলচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম জানান, অবরোধের আগে প্রতিদিন গদখালী বাজারে ১০ থেকে ১২ লাখ টাকার ফুল বেচাকেনা হতো। এখন দেড় থেকে দুই লাখ টাকার কেনাবেচা হয়। সে হিসাবে গত ২১ দিনে এ অঞ্চলের ফুলচাষি ও ব্যবসায়ীদের ২ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

মাছের রেণু ও পোনা উৎপাদনে ধস: যশোরের ৪২টি হ্যাচারির উৎপাদিত মাছের রেণু ও পোনা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। অবরোধে পাঠাতে না পেরে হ্যাচারিগুলোর উৎপাদন বন্ধ হতে চলেছে।

জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খান জানান, মাছের রেণু দু-এক দিনের বেশি হাউসে রাখা যায় না। অবরোধে কোথাও নিরাপদে রেণু পাঠানো যাচ্ছে না। রেণু উৎপাদনের পর বিক্রি না হওয়ায় হাউসের নর্দমা দিয়ে রেণু ভাসিয়ে দিতে হচ্ছে। গত বছর এ সময়ে যশোর থেকে সপ্তাহে ২০০ থেকে ৪০০ কেজি রেণু ও দিনে ১০ থেকে ২০ ট্রাক পোনা দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হতো। অবরোধের জন্য সপ্তাহে ২০ থেকে ৩০ কেজি রেণু ও দিনে দু-এক ট্রাক পোনা পাঠানো হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস প্রথম আলোকে বলেন, পরিবহনব্যবস্থা অস্বাভাবিক হলে বাজারে পণ্যের সরবরাহে সমস্যা দেখা দেয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন কৃষক। এখন সেই সমস্যাটি চলছে।