টাম্পাকোর মূল্যবান সামগ্রী চুরি, মামলা
গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ধসে পড়া টাম্পাকো ফয়েলস কারখানা ভবনের মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে কারখানা কর্তৃপক্ষ টঙ্গী থানায় একটি মামলা করেছে।
পুলিশ জানায়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় অবস্থিত টাম্পাকো কারখানার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া মালামাল টঙ্গীর পাগার ও আশপাশের এলাকায় খোলা আকাশের নিচে রাখা হয়। সেখান থেকে এবং কারখানা ভবনস্থলের ধ্বংসস্তূপ থেকে তামা, লোহাসহ মূল্যবান কিছু সামগ্রী কয়েক দিন ধরে রাতের আঁধারে কে বা কারা চুরি করে নিয়ে যায়। এ বিষয়টি কারখানা কর্তৃপক্ষের নজরে এলে তারা গত মঙ্গলবার রাতে টঙ্গী থানায় মামলা দায়ের করে। কারখানার প্রধান নিরাপত্তাকর্মী লুৎফর রহমান বাদী হয়ে করা এ মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার এক দিন পর গত ১১ সেপ্টেম্বর থেকে সেনাবাহিনী উদ্ধারকাজে যোগ দেয়। তারা ওই এলাকার তিনটি স্থানে ধ্বংসস্তূপের জঞ্জাল ফেলার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ীই মালামাল রাখা হচ্ছে। এর মধ্যে মূল্যবান জিনিসপত্র রাখার সিদ্ধান্ত হয় টঙ্গীর আমতলি এলাকার একটি জমিতে। সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা জমিটির মালিক গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান।
ভারপ্রাপ্ত মেয়র প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর সিদ্ধান্ত অনুযায়ী কারখানার মালামাল তিনটি ভাগে তিনটি স্থানে ফেলা হচ্ছে, যা তাদের কাছে মানচিত্র আকারে তৈরি করা আছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর নিজস্ব একটি জায়গায় মূল্যবান মালামাল রাখা হয়েছে। কিছু অসাধু লোক ওই জায়গা থেকে সেগুলো চুরি হয়েছে বলে প্রচার চালায়। বাস্তবে সব মূল্যবান মালামাল যথাস্থানে এবং পুলিশের হেফাজতে রয়েছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, টাম্পাকোর মালামাল চুরির বিষয়ে ৪ অক্টোবর রাতে করা মামলাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। মালামাল উদ্ধার করতে অভিযান শুরু করেছে পুলিশ। তবে ভারপ্রাপ্ত মেয়রের কোনো স্থাপনা বা অন্য কোথাও থেকে এখনো কোনো মালামাল জব্দ করা হয়নি।
গত ১০ সেপ্টেম্বর সকালে অগ্নিকাণ্ডের পর এক ভয়াবহ বিস্ফোরণে টাম্পাকো ফয়েলস কারখানাটি ধসে পড়ে। এ ঘটনায় ৩৯ জন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হন। নিখোঁজ রয়েছেন আরও ১১ জন।