টার্গেট করেই খুন করা হয়েছে আদনানকে
উত্তরার আদনান কবীর হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোর। সূত্রগুলো বলছে, জবানবন্দিতে ওই কিশোর জানিয়েছে, আদনানকে খুন করার জন্যই তারা ওই দিন বেরিয়েছিল।
উত্তরা অঞ্চলের উপকমিশনার বিধান ত্রিপুরা গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘এ পর্যন্ত তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা টার্গেট করেই আদনানকে খুন করেছিল বলে আমাদের জানিয়েছে। এর আগে আদনান যে গ্রুপের, সেই গ্রুপের ছেলেরা অন্য গ্রুপের ওপর হামলা চালিয়েছিল।’ ওই ঘটনায় আরও যারা যুক্ত ছিল, কিশোরটি তাদের নাম বলেছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় আরও যারা যুক্ত আছে, তাদেরও পুলিশ ধরার চেষ্টা করছে বলে উল্লেখ করেন বিধান ত্রিপুরা।
তবে আদনান কবীরের বাবা কবীর হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ আর একটু সক্রিয় হলেই খুনিদের সবাইকে ধরা সম্ভব হতো। আসামিদের একজনের বাবা জেলা জজ। তিনি প্রভাব বিস্তার করে থাকতে পারেন। ওই আসামিকে পুলিশ এক দিনের রিমান্ডে নিয়েছে। এ ছাড়া জবানবন্দিতে আরও দুটি ছেলের নাম এসেছে। ওই ছেলেরা টঙ্গী থেকে এসেছিল। তাদের ধরার ব্যাপারেও কোনো উদ্যোগ নেই। ওই দিন আদনান যাদের সঙ্গে ছিল, তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি। এ ছাড়া ২ জানুয়ারি আদনানকে কিনে দেওয়া মুঠোফোনটিও এখন পর্যন্ত উদ্ধার হয়নি। পরিবারের লোকজন মনে করছে, মুঠোফোনটি উদ্ধার হলে পুলিশ হয়তো আরও তথ্য পেত।
জানা গেছে, আদনানকে ডিসকো বয়েজ উত্তরা নামের যে গ্রুপের ছেলেরা খুন করেছে বলে ধারণা করা হচ্ছে, সেই গ্রুপের প্রধানের বাড়ি উত্তরখানে। উত্তরখানের ওই বাড়ি ছেড়ে ওই গ্রুপের প্রধান ও তার বাবা-মা পালিয়ে গেছেন। তদন্তে যুক্ত আরেক কর্মকর্তা বলেন, আদনানদের বাসা উত্তরার ১২ নম্বর সেক্টরে। নিজের এলাকা ছেড়ে ১৩ নম্বর সেক্টরে আসায় প্রতিপক্ষের ছেলেরা ক্ষুব্ধ হয়েছিল। ১৩ নম্বর সেক্টরে বন্ধুর বাসা থেকে বের হওয়ার পরপরই খুনিরা তার পিছু নেয় এবং হামলা চালায়।
উল্লেখ্য, ৬ জানুয়ারি সন্ধ্যাবেলায় উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আদনান কবীর খুন হয়। ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারের বলি আদনান। পুলিশ বলছে, তারা এখন উত্তরায় ব্যাপকভাবে অভিযান চালাচ্ছে। অপরাধে জড়িয়ে পড়েছে এমন কিশোরদের আইনের আওতায় আনা ও বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেওয়ার কাজ করছে।