টিআর প্রকল্পের আত্মসাৎ করা টাকা ফেরত দেওয়ার নির্দেশও অমান্য
গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের আত্মসাৎ করা টাকা ফেরত দেওয়ার সরকারি নির্দেশও অমান্য করেছেন ১৪৭টি প্রকল্পের চেয়ারম্যানরা। এখন কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
নীলফামারীর সৈয়দপুরের ইউএনও শফিকুল ইসলাম বলেন, ‘দুই দফায় চিঠি দিয়ে প্রকল্প চেয়ারম্যানদের ৯ জুলাইয়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের কাগজপত্র অথবা দ্বিগুণ পরিমাণ টাকা সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। কিন্তু তাঁরা নির্দেশ পালন করেননি। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে শিগগির সার্টিফিকেট মামলা করা হবে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, ২০১০-১১ অর্থবছরে টিআরের ১৪৭টি প্রকল্পে ৪৬ মেট্রিক টন গম ও নগদ ৪১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই প্রকল্পের বিপরীতে কাজ সম্পন্ন করে ৯০ দিনের মধ্যে কাগজপত্র জমা দেওয়ার কথা। কিন্তু দীর্ঘ তিন বছরেও পিআইওর দপ্তরে ওই প্রকল্পের অনুকূলে কোনো প্রমাণপত্র জমা দেওয়া হয়নি।
সৈয়দপুরের পিআইও শফিউল ইসলাম বলেন, ‘১৪৭টি প্রকল্পের বিপরীতে কোনো প্রমাণপত্র আমাদের হাতে নেই। এতে মনে করা হচ্ছে ওই প্রকল্পের বিপরীতে কোনো টাকা ব্যয় হয়নি। ফলে অব্যয়িত টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মনে হচ্ছে।’ তিনি জানান, এখন তাঁদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলার প্রক্রিয়া চলছে।
জানা গেছে, প্রকল্পের সমাপ্তি প্রতিবেদন জমা দেয়নি রাসেল স্মৃতি সংসদ, সৈয়দপুর প্রেসক্লাব, সাতপাই উচ্চবিদ্যালয়, ইসমত জাহান স্কুল, নিয়ামতপুর যুব উন্নয়ন সমবায় সমিতি, ছমির উদ্দিন উচ্চবিদ্যালয়, শ্বাষকান্দর তালপাড়া হাফিজিয়া মাদ্রসাসহ ১৪৭টি প্রকল্প।
রাসেল স্মৃতি সংসদের প্রকল্প চেয়ারম্যান ও আওয়ামী লীগের সৈয়দপুর পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন খান বলেন, ‘আমি কোনো চিঠি পাইনি। প্রকল্পের টাকা আত্মসাতের প্রশ্নই ওঠে না। কেউ আমার নামে প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ করে থাকতে পারে।’ জানা গেছে, ওই প্রকল্পের উন্নয়নকাজের জন্য নগদ ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। একই পরিমাণ টাকা দেওয়া হয় সৈয়দপুর প্রেসক্লাবকে। প্রেসক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক এম এ করিম বলেন, ‘টাকা পেয়েছি। এর সমাপ্তি প্রতিবেদনও পিআইওর দপ্তরে জমা দেওয়ার হয়েছে।’ কোনো নোটিশ পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘পাইনি।’